নয়াদিল্লি: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিরাট কোহলি। এখন সেই খুদেই ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছে ক্রিকেটের বাইশ গজে!
আর্যবীর সহবাগ (Aaryavir Sehwag)। যাঁর আর এক পরিচয়, কিংবদন্তি বীরেন্দ্র সহবাগের পুত্র। বাবার মতোই ইনিংস ওপেন করেন। আর বাবার মতোই ব্যাট হাতে তাণ্ডব চালান আর্যবীর। জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ইনিংস ওপেন করে ১৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আর্যবীর সহবাগ। হইচই ফেলে দিয়েছে সেই ইনিংস।
আর তারই মাঝে ভাইরাল হয়েছে একটা পুরনো সাক্ষাৎকারের ক্লিপিংস। যেখানে আর্যবীর সাক্ষাৎকার নিয়েছিলেন বিরাট কোহলির। স্টার স্পোর্টসের হয়ে। সেই ভিডিওতে আর্যবীর প্রশ্ন করেছে, ‘আপনি যখন ছোট ছিলেন আমার বাবার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ ছিলেন। সেই সময়কার কোনও স্মৃতি রয়েছে?’ কোহলি জবাব দেন, ‘আমাদের দিল্লি ক্রিকেটের একজন কোচ আছেন। অজিত চৌধুরী। সে তোমার বাবার খুব ভাল বন্ধু। একসঙ্গে খেলেছেন দুজনে। উনি আমাকে জানতেন। কারণ রাজ্য স্তরে কোচিং করাতেন ২-৩ বছর ধরে। আমি অনূর্ধ্ব ১৭ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলাম। তখন অজিত চৌধুরী আমাকে বলেছিলেন, আজ একটা অনুষ্ঠান আছে। সহবাগজি আসবে। তুই দেখা করবি? আমি বলি অবশ্যই করব। আমি খুব রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম। আমি সহবাগের সঙ্গে দেখা করেছিলাম। সেই সাক্ষাতের ছবিও রয়েছে। অজিত চৌধুরী দেখা করিয়ে দিয়েছিলেন।’
আশিস নেহরা একটা সময় কোহলির হাতে জুনিয়র পর্যায়ে সেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দিয়েছিলেন। পরে সেই নেহরা কোহলির নেতৃত্বে খেলেন। তা নিয়ে আর্যবীর জানতে চান কোহলির কাছে । কোহলি বলেন, ‘সেই জন্যই বলি সব সময় ভাববে আমিও পারব।’
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত । কাল সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগে এশীয় ক্রিকেট কাউন্সিলকে দেওয়া সাক্ষাৎকারে আর্যবীর বলেছেন, ‘ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি আমার। তাই খুবই আবেগপূর্ণ মুহূর্ত। ম্যাচের আগের দিন রাতে বাবার সঙ্গে কথা হয়েছিল । আমি কথা দিয়েছিলাম এই টুর্নামেন্টে একটা বড় ইনিংস খেলব, সেঞ্চুরি করব। সেটা আজ করতে পেরেছি বলে আমি খুশি ।’
