মুম্বই: চেন্নাই সুপার কিংসের জার্সিতে আর মাঠে খেলতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে। আগামী মরশুম থেকে তিনি দলের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন। চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাবেন। কিন্তু এই কাজ ধোনির জন্য কঠিন কোনও চ্যালেঞ্জের হবে না বলেই মনে করেন ইরফান পাঠান। আগেও অধিনায়ক থাকার সময়ে প্লেয়ারদের মেন্টরশিপ করেছেন ধোনি, এমনটাই বলছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ও ধোনির একসময়ের জাতীয় দলের সতীর্থ।

সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে পাঠান বলেন, ‘এমএস ধোনির জন্য মেন্টরশিপ নতুন কিছু নয়। তিনি যখন অধিনায়ক ছিলেন, তখনও বেশ কয়েকজন খেলোয়াড়কে মেন্টরশিপ করতেন। আমি নিশ্চিত তাঁর ক্রিকেট খেলার যাত্রা শেষ হয়েছে, কিন্তু খেলাটিতে অবদান রাখার যাত্রা অব্যাহত থাকবে। ধোনির একটি চমৎকার কেরিয়ার ছিল ও তিনি যা কিছু অর্জন করেছেন তার সবকিছুর জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। একজন বন্ধু হিসেবে, যে তাঁর সঙ্গে এতগুলো বছর কাটিয়েছে ও একসঙ্গে ক্রিকেট খেলেছে, এমএস ধোনির কেরিয়ার নিয়ে আমিও অত্যন্ত গর্বিত।’

প্রায় দুই দশকের আইপিএল কেরিয়ারে ইতি টেনেছেন মহেন্দ্র সিংহ ধোনি। টুর্নামেন্টে ২৭৮ ম্যাচে ৫৪৩৯ রান করেছেন। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে সিএসকেকে পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। 

 

ক্যাপ্টেন কুল হিসেবেই বিশ্ব ক্রিকেটে পরিচিত ধোনি। তাঁর ঠাণ্ডা, বরফ শীতল মস্তিষ্কের পরিকল্পনাই প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেছে। আইপিএল কেরিয়ারেও যে ইতি টানতে চান, তার নিজের সিদ্ধান্তের কথাটিও ফ্র্যাঞ্চাইজ়িকে ঠান্ডা মাথায় খুবই শান্তভাবে জানিয়েছিলেন। ধোনির অবসরের সিদ্ধান্ত ঘোষণার আলোচনার বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেন সিএসকের অন্যতম কর্ণধার রূপা গুরুনাথ। তিনি জানান গত শনিবার এক টিম মিটিংয়ের একেবারে শেষের দিকে যখন দল রিলিজ় তালিকা, আসন্ন আইপিএলে নিজেদের পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আলোচনা করছিলেন, তখন ধোনি তাঁকে রিলিজ় করার কথা জানান। রূপা জানান ধোনির এই সিদ্ধান্তে সকলেই হতচকিত হয়ে গিয়েছিলেন। যদিও সবাইকেই একদিন ক্রিকেট ছাড়তে হয় সময়ের সঙ্গে সঙ্গে। ধোনিই তাঁর মনের কথাই শুনেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *