তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সোমবার দুপুর থেকেই শুরু হয়েছিল গুঞ্জন, তবু বিকেলের দিকে খবরটা আসে বিনা মেঘে বজ্রপাতের মতোই। সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa) যথেষ্ট প্রশংসা পাওয়ার পরেও, দর্শকেরা হল ভরিয়ে সিনেমা দেখার পরেও.. সপ্তাহান্তে নাকি এই ছবি সরিয়ে নেওয়া হবে সমস্ত হল থেকে! খবরটা প্রথমে বিশ্বাস করতে পারেননি কেউই। এমনকি এই ছবির যিনি নায়ক, সেই সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)-ও প্রথমটা ফোনে এই খবর জানতে পেরে হতবাক হয়ে গিয়েছিলেন। যে ছবি টলিউডের ‘গেমচেঞ্জার’ হতে পারে বলে আশা করেছিলেন অনেকেই, সেই ছবির যাত্রা মাত্র ১ সপ্তাহে শেষ হচ্ছে কেন? নেপথ্য কারণ খুঁজতে গিয়ে উঠে এল সেই হিন্দি ছবির আগ্রাসনের অভিযোগ যা টলিউডের কাছে নতু নয় একেবারেই। এর আগে একাধিক নামী পরিচালক, বড় প্রযোজনা হাউজের ছবিও হিন্দি ছবির দাপটে সময়ের আগেই হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিনেমা ভাল ব্যবসা করলেও.. তা সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। আর ‘সাধক বামাক্ষ্যাপা’-র জয়যাত্রায় বর্তমানে কার্যত কাঁটা হয়ে দাঁড়িয়েছে যে ছবিটি, সেটি হল,  ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Ye Prem Mol Liya)। 

কী ঘটেছে? দুই ছবির সংঘাত কেন এবং কোথায়?

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’ (Ye Prem Mol Liya) ছবিটি। মুখ্যভূমিকায় রয়েছেন, আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। দীর্ঘদিন পরে নতুন ছবি পরিচালনায় ফিরছেন, সুরজ বরজাতিয়া (Sooraj Barjatya)। ছবিটির প্রযোজনা করছে রাজশ্রী প্রযোজনা সংস্থা (Rajshri Productions)-এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্বে যশরাজ ফিল্মস (YRF)। আর এই ছবির কারণেই নাকি শো কমে যাচ্ছে, ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির। ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে পিভিআর এবং আইনক্স। অভিযোগ যে, এই দুয়ের তরফ থেকেই জানানো হয় যে, ‘ইয়ে প্রেম মোল লিয়া’-কে বেশি শো দিতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’-র থেকে। এর তীব্র প্রতিবাদ করে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে SVF-এর তরফে।

শো নিয়ে দর কষাকষি, বড় সিদ্ধান্ত SVF-এর

‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত বড়পর্দা থেকে তুলে নেওয়া হবে এই সিনেমা। যে ছবি মাত্র ৩ দিনে যথেষ্ট প্রশংসিত হয়েছে, হল ভরিয়ে ছবিটি দেখেছেন মানুষ.. সেই জায়গা থেকে একটি হিন্দি ছবির জন্য বাংলা ছবির শো কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত মেনে নিতে পারেনি SVF। তাঁদের দাবি, ‘সাধক বামাক্ষ্যাপা’ এবং ‘ইয়ে প্রেম মোল লিয়া’ এই দুটি ছবিকেই সমান শো দেওয়া হোক। প্রথম সপ্তাহ অন্তত যাচাই করে দেখা হোক, কোন ছবি কেমন ফল করছে। তার ওপর ভিত্তি করে পরের সপ্তাহে শোয়ের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। এদিন বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন ছবির পরিচালক সায়ন্তন এবং অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। সব্য়সাচী স্বভাবসিদ্ধভাবে সংযত থাকলেও, তাঁর গলাতেও ছিল ক্ষোভ। কেন বাংলার মাটিতে বারে বারে হিন্দি ছবির কাছে হেরে যেতে হবে বাংলা ছবিকে.. দ্ব্যর্থহীন ভাষায় এই প্রশ্ন বারে বারে তোলা হয়। অভিনেতারা এদিন বলেন যে, এই ৩টে দিনে তাঁরা যেখানে যেখানে হল ভিজিটে গিয়েছেন, দর্শক ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। সোশ্যাল মিডিয়াতেও প্রশংসার ছড়াছড়ি। সিনেমার রেটিংও যথেষ্ট ভাল। তারপরেও কেন এই ছবি হল থেকে সরিয়ে নেওয়া হবে.. উত্তরবিহীন এই প্রশ্নই ঘুরে ফিরে আসতে থাকে। সাহেব বলেন, এই জিনিস দক্ষিণী ইন্ডাস্ট্রিতে করা অসম্ভব.. কিন্তু বাংলায় এটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। একটা ছবি বাণিজ্য়িকভাবে ভাল ফল করা এবং দর্শকদের মনে দাগ কাটার পরেও কেন বাধা পাচ্ছে.. সেই কথাই তুলে ধরা হয় বার বার। পাশাপাশি এ ও জানানো হয় যে, বিষয়টিকে সরকারের নজরে নিয়ে আসা হয়েছে। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামীকাল বৈঠক, আশার আলো দেখবে ‘সাধক বামাক্ষ্যাপা’?

এরপরে প্রায় রাতের দিকে জানানো হয়.. গোটা বিষয়টি নিয়ে আগামীকাল দুপুর ১টায় নবান্নে বৈঠকে বসতে চলেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে তিনি একা নন, এই মিটিংয়ে থাকার কথা মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় সহ আরও অনেকের। বৈঠকে মহেন্দ্র সোনি, সুরিন্দর সিংহ, ফিরদৌসল হাসান, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অতনু রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, অঞ্জন বসুর মতো ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। থাকবেন বিভিন্ন হলমালিকেরাও। এমনিতেই দোরগোড়ায় কলকাতা চলচ্চিত্র উৎসব। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, এই প্রথম চলচ্চিত্র উৎসব হবে কলকাতায়। এদিনের বৈঠকে চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ‘সাধক বামাক্ষ্যাপা’- নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। হাতে সময় আর মাত্র ৩ দিন। ফের একবার হিন্দির দাপটে বাংলা ছবি কোণঠাসা হওয়ায় সোশ্যাল মিডিয়া জুড়ে ক্ষোভ উগরে দিচ্ছেন টলিউডের কলাকুশলীরা। আগামীকালের বৈঠকে সমাধানসূত্র মেলে কি না.. এখন সবার নজর সেইদিকেই। 

 

আরও পড়ুন: Sadhak Bamakhyapa: সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?

     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *