লখনউ: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে যোগী আদিত্যনাথের মাথাব্যথার কারণ হয়ে উঠছে SIR. আগেও SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি, এবার নির্বাচন কমিশনের জবাব চাইলেন তিনি। তাঁর দাবি, SIR করতে গিয়ে উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ চলে গিয়েছে। তুলনায় বেড়েছে মুসলিম ভোটারের সংখ্যা। সেই নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানালেন। (Yogi Adityanath)
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘পঞ্চায়েত আজতক উত্তর প্রদেশ’ অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন যোগী। SIR নিয়ে বিরোধীরা মিথ্যে ভাষ্য তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। চ্যালেঞ্জ জানান সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকেও। সেই নিয়ে কথা বলার সময়ই যোগী জানান, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ গিয়েছে। মুসলিম ভোটারের হার বেড়েছে ১.৬৫ শতাংশ। (SIR Row)
আরও পড়ুন: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
যোগ্য ভোটার বলে বিবেচিত হওয়ার জন্য প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও বাদ গিয়েছেন যাঁরা, ভোটার তালিকায় তাঁদের নাম ফেরাতে নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন যোগী। তাঁর বক্তব্য়, “উত্তরপ্রদেশের পরিস্থিতি কী? অখিলেশ যাদবকে SIR প্রত্যাহারের দাবি তুলতে বলুন দেখি। উনিও চাইবেন না। কারণ SIR-এর আগে উত্তরপ্রদেশে যত মুসলিম ভোটার ছিলেন, এখন তাতে ১.৬৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। হিন্দু ভোটারদের অবস্থার কথা তো আমিই বলছি।”
যোগী আরও যোগ করেন, “এই কারণেই নির্বাচন কমিশবের কাছে স্মারকলিপি জমা দিয়েছি আমরা। জানতে চেয়েছি, এটা কী করে হল? আমি ১.২৭ কোটি হিন্দু ভোটারের কথা বলছি। পঞ্চায়েত নির্বাচনেও নাম ছিল ভোটার তালিকায়। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকায় এখন আর নেই। অত নাম কী করে উড়ে গেল? এর নেপথ্যে কে? ৫৫ লক্ষ ভোটার যাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের নাম নেই। ১৮-১৯ বছর বয়সি ৪.৫ লক্ষের নাম বাদ পড়েছে। আমরা আবেদন জানিয়েছি। বলেছি, নামগুলো তুলে দিতে।”
আরও পড়ুন: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
উত্তরপ্রদেশে SIR শুরু হয় ২০২৫ সালের ২৭ অক্টোবর। শেষ হয় এ বছর ১০ এপ্রিল। ১০ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, যাতে বলা হয়, SIR-এর আগে রাজ্যে ১৫.৪৪ কোটি ভোটার ছিলেন। SIR-এর পর তা কমে হয়েছে ১৩.৩৯ কোটি। গত সপ্তাহে খবর আসে যে, উত্তরপ্রদেশের মুখ্য় নির্বাচনী আধিকারিক জেলাস্তরের অফিসারদের বিশেষ নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, বিধানসভার তালিকার সঙ্গে পঞ্চায়েত এবং পুরসভার তালিকা মিলিয়ে দেখতে। পঞ্চায়েত ভোটের তালিকা এবং গ্রামীণ ভোটারদের মধ্যে প্রায় ২.৪ কোটির ফারাক উঠে আসার পরই ওই নির্দেশ দেওয়া হয়।
তবে এ নিয়ে যোগীকে আক্রমণ করতে ছাড়েননি অখিলেশও। তিনি তিনটি দাবি তুলেছেন—
১) ভোটের সঙ্গে আধার জুড়তে হবে।
২) কাগজ বা প্লাস্টিকের নয়, ধাতু দিয়ে তৈরি কার্ড দিতে হবে, যাতে EPIC নম্বর জাল না করা যায়।
৩) ফিঙ্গার প্রিন্ট এবং চোখের বায়োমেট্রিক থাকতে হবে।
SIR নিয়ে যদি যোগীর আপত্তি থেকে থাকে, তাহলে তিনি কেন জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সায় জানাচ্ছেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন অখিলেশ। অন্য দিকে, উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানিয়েছেন, স্পেশ্যাল সামারি রিভিশনের খসড়া তালিকা প্রকাশের পর ১৭ নভেম্বর সব প্রশ্নের উত্তর দেবেন তিনি।
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
