আগরতলা ।। পুর নিগম নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ততা বাড়ছে রাজনৈতিক দলগুলির। এরই মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তের সমর্থনে শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজেই এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিজেপি প্রার্থী রত্না দত্তের পক্ষে জনসংযোগ করে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। শুধু নির্বাচনী প্রচারই নয়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বাড়ি বাড়ি প্রচারকে কেন্দ্র করে শান্তিপাড়া এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রচার কর্মসূচিতে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরাও অংশ নেন। উল্লেখ্য, পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ২০ নম্বর ওয়ার্ডে প্রার্থীর সমর্থনে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়েছে বিজেপি।নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে।
