মুম্বই: প্রায় ৪-৫ বছরের সম্পর্ক। দুই পরিবারই জানত সবটা। কিন্তু মাসখানেক বিয়ে হওয়ার পরই বদলে গেল সব। নিজের বাবা-মায়ের ব্য়বহারেই স্তম্ভিত হয়ে গেলেন ২১ বছরের তরুণী। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে জেল খাটতে হবে, এ বোধহয় কল্পনাও করেননি তিনি। শুধু তাই নয়, তাঁকেও আটকে রাখা হল বাপের বাড়িতে। অপরাধ? তিনি হিন্দু আর তাঁর স্বামী মুসলিম। শেষ পর্যন্ত হাইকোর্টে মিলল স্বস্তি।
কী ঘটেছিল?
বিয়ের পর, বাবা-মা তাঁকে নিয়ে গিয়ে আটকে রাখেন বলে অভিযোগ তরুণীর। পরে তিনি জানতে পারেন, তাঁর স্বামীকে জেলে রাখা হয়েছে। এরপরই নিরাপত্তা চাইতে তাঁরা থানায় যান। কিন্তু অভিযোগ ওঠে যে ধারাভি পুলিশ স্টেশন কোনও পদক্ষেপ করতে অস্বীকার করে। তাঁর বাবা-মা তাঁকে জোর করে উত্তর প্রদেশে নিয়ে যান বলে অভিযোগ। পরে ওই তরুণী মুম্বইতে ফিরে আসেন এবং তাঁর স্বামীর বাড়িতে নিরাপদে বসবাস করার জন্য সুরক্ষা চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন।
কী বলল আদালত?
বিচারপতি অদ্বৈত এম. শেঠনা এবং বিচারপতি রঞ্জিত সিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চে ছিল ওই মামলার শুনানি। ওই তরুণীর বয়স এবং তাঁর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিবেচনা করেছে আদালত। শুধু তাই নয়, এই মামলায় সুপ্রিম কোর্টের একাধিক মামলার উদাহরণও দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের এই একটি মামলার উল্লেখ করে হাইকোর্ট বলেছে যে নিজের পছন্দমতো ব্যক্তিকে বিয়ে করার অধিকার রয়েছে সংবিধানের ৩১৫ অনুচ্ছেদে। ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ হল নিজের পছন্দ মতো ব্যক্তিতে বিয়ে করা। বম্বে হাইকোর্ট উল্লেখ করেছে যে একজন সাবালিকা মহিলার ধর্ম, জাতি, বিশ্বাস নির্বিশেষে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার সাংবিধানিক স্বাধীনতা রয়েছে।
আদালতের পর্যবেক্ষণ
বম্বে হাইকোর্ট স্পষ্ট বলেছে, আবেদনকারী একজন প্রাপ্তবয়স্ক মহিলা যিনি সজ্ঞানে সিদ্ধান্ত নিতে সক্ষম এবং যোগ্য। বেঞ্চ আরও উল্লেখ করেছে যে, একজন সাবালিকা কোনও প্রকার চাপের মুখে না পড়ে, সম্পূর্ণ স্বাধীনভাবে তাঁর জীবনসঙ্গী নির্বাচন করার অধিকারী। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীন। আদালত এটিও স্পষ্ট করে দিয়েছে যে এই মামলায় পুলিশকে আইন অনুযায়ী কঠোরভাবে পদক্ষেপ করতে হবে।
