নয়াদিল্লি : চলতি মাসের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সিভিলাইজেশনাল ডায়ালগে যোগ দেবেন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। এমনই ঘোষণা করেছে পাকিস্তান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।

SCO সদস্য দেশগুলির বৈঠক ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারত ২৮ অক্টোবর ঘোষণা করেছিল যে, প্রচলিত রীতি মেনে সব সদস্য দেশের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

পাকিস্তানের ফরেন অফিসের তথ্য অনুযায়ী, এই আয়োজনে এসসিও (SCO) সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা একত্রিত হবেন এবং তাঁরা সভ্যতাগত আলোচনা ও সাংস্কৃতিক বোঝাপড়ার বিষয়ে আলোচনা করবেন।

পিটিআই-এর উদ্ধৃতি অনুযায়ী ফরেন অফিসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান সরকার পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে এসসিও (SCO)-র কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার মধ্যে আলোচনার প্রসার এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।” পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, মুসাদিক মালিক একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি সরকারের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরার জন্য প্রায়শই টেলিভিশন টক শো-তে উপস্থিত হন। ভারতে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন পাকিস্তান আগামী বছর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এসসিও (SCO) শীর্ষ সম্মেলনের আগে ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান ও ভারতের সম্পর্কে ফাটল ক্রমশই চওড়া হয়েছে ! পহেলগাঁও হামলার জবাব হিসেবে পাক আকাশে ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। পাল্টা আঘাত হানার চেষ্টা করে পাকিস্তানও। কূটনৈতিক প্রত্যাঘাতের পর অপারেশন সিঁদুরে পাকিস্তানকে উচিত শিক্ষা দেয় ভারত। তারপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে দূরত্ব ক্রমেই চওড়া হয়েছে। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানকে আমন্ত্রণ জানায় ভারত। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর প্রথম ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এ যোগ দেওয়ার জন্য ১০টি সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে ।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) ১০ সদস্য দেশকেই নিয়মমাফিক ডাকা হয়েছে। তার মধ্যেই পড়ে পাকিস্তান।  SCO-র সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান ও ঐতিহাসিক যোগাযোগ বাড়ানোই এই ফোরামের মূল উদ্দেশ্য। ঐতিহ্য, সাহিত্য, শিল্পকলা, শিক্ষা  নিয়ে বিস্তারিত  আলোচনা হতে পারে। ২০২৫ সালে চিনের তিয়ানজিনে SCO শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিলেন। পরে সংগঠনের তরফে তা গ্রহণ করা হয়। ২০২৬ সালের ২০ অক্টোবর তাজিকিস্তানের দুশানবেতে SCO-র বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত এই ফোরামের আয়োজন করবে বলে ঘোষণা করেন। ভারত ছাড়াও চিন, রাশিয়া, পাকিস্তান, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান, এই  SCO-র সদস্য। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *