ইসলামাবাদ: ভারতের ভয়ে কাঁটা পাক জঙ্গি প্রধানরা। মাসুদ আজহার, হাফিজ সইদ এখন পালিয়ে গা ঢাকা দিচ্ছেন। তাদের আশঙ্কা, ভারত যদি হামলা করে? কুখ্যাত জঙ্গি নেতাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সামনে। জানা গেল, ভারতের সম্ভাব্য হামলা ও টার্গেটেড অপারেশনের আশঙ্কায় পাকিস্তানেই গা-ঢাকা দিয়েছে দুই কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সইদ ও মাসুদ আজহার।
ভারতীয় গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এনডিটিভি-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত এক সপ্তাহে দু’জনকেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর নিয়ন্ত্রণাধীন অত্যন্ত সুরক্ষিত ‘সেফ হাউসে’ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার (LeT) প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে লাহোরের জোহর টাউনের বাড়ি থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকা পাকিস্তান সেনার সদর দফতরের কাছাকাছি এবং সেখানে কড়া নিরাপত্তা থাকে সর্বদা।
অন্যদিকে, জইশ-ই-মহম্মদের (JeM) প্রধান মাসুদ আজহারকে সরানো হয়েছে সিন্ধ প্রদেশের নবাবশাহর একটি বিশেষ সুরক্ষিত কম্পাউন্ডে। দুই জঙ্গি নেতারই গতিবিধি এবং বাইরের লোকজনের সঙ্গে যোগাযোগ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
কেন বাড়ল নিরাপত্তা?
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন, উদ্বেগ বেড়েছে সে দেশে আশ্রয়ে থাকা জঙ্গিদের। ওই অভিযানে ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটিতে নির্দিষ্ট হামলা চালিয়েছিল। সেই সময় জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরের ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।
এর পাশাপাশি, গত কয়েক মাসে পাকিস্তানের মাটিতে ভারতবিরোধী একাধিক জঙ্গি ও অপারেটিভ রহস্যজনকভাবে নিহত হয়েছেন। অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হাতে এসব হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ আরও বেড়েছে বলে রিপোর্টে দাবি।
বন্ধ সরাসরি যোগাযোগ
নিরাপত্তার কারণে হাফিজ সইদ এখন লস্করের কর্মীদের সঙ্গে সরাসরি বৈঠক বন্ধ করেছেন বলে দাবি। সংগঠনের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তিনি মূলত আগে থেকে রেকর্ড করা অডিয়ো বার্তার উপর নির্ভর করছেন।
মাসুদ আজহারও জইশের সাধারণ কর্মী ও জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বন্ধ করেছেন। তাঁর যোগাযোগ সীমাবদ্ধ রয়েছে সংগঠনের কয়েকজন শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত কমান্ডারের মধ্যেই।
যদিও হাফিজ সইদ ও মাসুদ আজহারের ঘাঁটি নিয়ে পাকিস্তানের সরকারি বক্তব্যের সঙ্গে এই গোয়েন্দা তথ্যের অমিল রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, হাফিজ সইদ সন্ত্রাসে অর্থ জোগানের মামলায় লাহোরের কোট লাখপত জেলে সাজা ভোগ করছেন। অন্যদিকে মাসুদ আজহারকে কখনও ‘নিখোঁজ’ বলা হয়েছে। আবার কখনও বলা হয়েছে যে সে আফগানিস্তানে পালিয়ে গিয়েছে।
তবে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির দাবি, এই বক্তব্য আসলে আন্তর্জাতিক চাপ এড়ানোর কৌশল। তাঁদের মতে, ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার সঙ্গে যুক্ত এই দুই জঙ্গি নেতা সাধারণ জেলবন্দি নন। বরং পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার আড়ালে তাঁদের সুরক্ষা দেওয়া হচ্ছে বলেই ভারতীয় গোয়েন্দাদের দাবি।
