তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: মুখ্যভূমিকায় নারীচরিত্ররা, মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘নজরবন্দি’। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবিটি আন্তর্জাতিক পুরুষ দিবস অর্থাৎ ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে। প্রযোজনায় ‘কথা বিন্যাস মিডিয়া’ (Katha Vinyaas Media)। ছবিতে অনামিকা সেনগুপ্ত নামে এক চিত্রশিল্পীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির নামের মতোই, ‘নজরবন্দি’ থাকেন ঋতুপর্ণাও। পান থেকে চুন খসলেই, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাঁকে। শুনতে হয় একাধিক কটূকথা। দীর্ঘ কেরিয়ার, আকাশছোঁয়া সাফল্যের পরেও, সামান্য যে কোনও ভুলেই কটাক্ষের স্বীকার হন ঋতুপর্ণা। এই সমস্ত কিছু কীভাবে সামলান তিনি? টলিউডের পাশাপাশি, ঋতুপর্ণা দীর্ঘদিন কাজ করছেন বলিউডেও। পাকাপাকিভাবে মুম্বইতে কেন কাজ করলেন না নায়িকা?
ঋতুপর্ণা বলছেন, ‘আমরা অভিনয় করি, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। কিন্তু এই অভিনয়ের স্বার্থেই আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন পোশাক পরতে হয়.. সেগুলো কি দর্শক বুঝবেন না? এত বছর, এত মানুষের নজরে থেকেছি, ভালবাসা পেয়েছি, তাঁরা আমায় দেখেছেন.. সেইজন্যই তো এই জায়গাটা তৈরি হয়েছে। আমরা দর্শকদের ভালবাসি, তাঁদের ওপর আমাদের দায়বদ্ধতা রয়েছে। তবে দিনের শেষে, আমরাও মানুষ.. এটা দর্শক মাঝে মাঝে ভুলে যান। অভিনয়টা আমাদের কাজের জায়গা। তার সঙ্গে ব্যক্তিগত জীবন মিলিয়ে ফেললে তো মুশকিল। মানুষকে এভাবে ছোট করার কথা, আমি কখনও ভাবতেও পারি না। কিন্তু দেখি, মানুষ কী অবলীলায় সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করে চলে যান! এটাকে শ্রেয় বলে আমি মনে করি না। দর্শকদের আমরা ভালবাসি, শ্রদ্ধাও করি। কিন্তু অনেক সময়ে দর্শকেরা নিজেরাই সেটাকে ক্ষুণ্ণ করে ফেলেন।’
সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং করা সহজ বলেই কি এত কটূকথা শুনতে হয়? অভিনেত্রী বলছেন, ‘আঞ্চলিক সিনেমায় অনেক ক্ষেত্রেই তো হাত-পা বাঁধা হয়ে যায়। আমরা কিন্তু সেই অবস্থাতেই লড়াইটা করছি। কেউ ছেড়ে দিয়ে চলে যাইনি। আমি সারা জীবন বাংলাকে প্রাধান্য দিয়ে এসেছি। আমায় অনেকে বলেছেন, মুম্বই চলে যেতে, দক্ষিণের ছবিতে কাজ করতে। কিন্তু আমি কখনও বাইরে সেভাবে যাওয়ার কথা ভাবিনি। কারণ আমি সবসময় মনে করেছি, বাংলা সিনেমা আমার ভিত্তি। হিন্দিতে অনেক ভাল ভাল করা সত্ত্বেও আমি বাংলাকে ভালবেসে প্রাধান্য দিয়েছি। কিন্তু বাঙালি দর্শকেরাই ট্রোলিং করলে, মর্মাহত হই। আর মানুষের ছবি দেখার প্রবণতা তৈরি করতে হবে। মানুষ সিনেমা না দেখেই, নিন্দা করছেন। আমি সবসময় গঠনমূলক সমালোচনা শুনতে চাই। কাজ খারাপ লাগলে বলুন। কিন্তু কাজ না দেখে, শুধু শুধু একটা মানুষকে কেন আক্রমন করা হবে?’
‘নজরবন্দি’ নারীকেন্দ্রিক ছবি। বাংলা দর্শকের মধ্যে ছোটপর্দায় নারীকেন্দ্রিক ধারাবাহিক বেশ জনপ্রিয়। সিনেমার দেখার ক্ষেত্রে, টলিউড নাকি বলিউডের দর্শকেরা নারীকেন্দ্রিক সিনেমা দেখার ক্ষেত্রে বেশি এগিয়ে? ঋতুপর্ণা বলছেন, ‘আমার মনে হয় বলিউড। ওখানে বহুদিন থেকেই নারীকেন্দ্রিক ছবি হয়। সেগুলো সাফল্যের পাশাপাশি বক্সঅফিসে ব্যবসাও করে। কিন্তু বাংলায় নারীকেন্দ্রীক ছবি প্রশংসা পেলেও খুব কম মানুষ সেটা হলে গিয়ে দেখেন। ফলে এর প্রভাব ব্যবসার ওপর পড়ে। দর্শকদের নিজেদের দায়িত্বে ছবি দেখতে আসতে হবে।’
আরও পড়ুন: Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
