ডিজিটাল আসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা?Image Credit: TV9 Bangla
সন্ধ্যা সাতটা। কাজ থেকে মাথাব্যথা নিয়ে বাড়ি ফিরেছেন রমেশ। হাতে বাজারের ব্যাগ। আট বছরের মেয়ে বায়না ধরেছে, কিছু করার নেই। টেলিভিশন দেখতে ভালো লাগছে না, হোমওয়ার্ক শেষ, আর মা তখনও রান্নাঘরে ব্যস্ত। ক্লান্ত বাবা যা করেন, লক্ষ লক্ষ বাবা হয়তো প্রতিদিনই তা করেন। পকেট থেকে মোবাইল বের করে একটি কার্টুন চালিয়ে মেয়ের হাতে ধরিয়ে দেন। মুহূর্তে শান্ত হয়ে যায় বাড়ি। রমেশ বসে চোখ বন্ধ করেন। সারাদিনের মধ্যে এই প্রথম চারপাশে শুধু প্রেশার কুকারের সিটি ছাড়া আর কোনও শব্দ নেই। তিনি কোনও অপরাধ করেননি। একটু শান্তির জন্য কুড়ি মিনিট কিনেছেন মাত্র। প্রতিটি প্রজন্মের বাবা-মায়েরই এমন শান্তি কেনার নিজস্ব উপায় ছিল।
কিন্তু কুকারের সিটি বেজে ওঠে। কার্টুন শেষ হয়। আর নিজে থেকেই শুরু হয়ে যায় পরের কার্টুন।
শিশুরা কতক্ষণ স্ক্রিনে সময় কাটায়, তার হিসেবই নেই ভারতের কাছে-
শিশুরা প্রতিদিন কতক্ষণ এভাবে স্ক্রিনের সামনে কাটায়, ভারত এখনও তা জানে না। দেশের অসংখ্য পরিবারের অন্যতম বড় উদ্বেগ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই এই সত্যিটা স্বীকার করতে হবে। কেন্দ্রীয় সরকারের নিজস্ব অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬-এ স্বীকার করা হয়েছে, শিশুরা কতক্ষণ ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে এবং এর ফলে কতজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সম্পর্কে নির্ভরযোগ্য জাতীয় তথ্যের অভাব রয়েছে। শিশু ও তরুণদের মধ্যে ডিজিটাল আসক্তিকে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় বলে উল্লেখ করা হলেও, ঠিক কতজন এর শিকার, সেই পরিসংখ্যান দিতে পারেনি সমীক্ষা। এমন এক সময়ে, যখন প্রায় সবকিছুরই হিসেব রাখা হয়, তখন প্রতিদিন সন্ধ্যার এতটা সময় জুড়ে থাকা একটি বিষয় যে এখনও পরিমাপ করা হয়নি, তা সত্যিই বিস্ময়কর।
ডিজিটাল আসক্তি ও মানসিক স্বাস্থ্য নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা?
সমীক্ষায় যা বলা হয়েছে, তা একটু মন দিয়ে পড়া দরকার। অতিরিক্ত স্ক্রিন ব্যবহার এবং মানুষের সঙ্গে সামনাসামনি মেলামেশার অভাব মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এমন কিছু বিপদের কথাও বলা হয়েছে, যা অনেক সময় অভিভাবকদের চোখ এড়িয়ে যায়। যেমন সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং জুয়া খেলার বিভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে একটি মাত্র ক্লিকেই পৌঁছে যেতে পারে শিশু। সমীক্ষায় আরও বলা হয়েছে, এই সমস্যাগুলি শুধু শিশুদের নয়, প্রাপ্তবয়স্কদেরও প্রভাবিত করে। যদিও এই কথাটি আমরা অনেকেই এড়িয়ে যেতে চাই।
অন্যদিকে, অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে নিজস্ব ধারণা। কমিউনিটি প্ল্যাটফর্ম লোকাল সার্কেলসের (LocalCircles) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় প্রতি দু’জন অভিভাবকের মধ্যে একজন মনে করেন, তাঁদের সন্তান সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিংবা অনলাইন গেমে আসক্ত। অবশ্য এটি অভিভাবকদের ধারণা, কোনও চিকিৎসাবিজ্ঞানের নিরিখে করা পরীক্ষা নয়। তাই বিষয়টিকে সেই ভাবেই দেখা উচিত। কিন্তু এত বিপুল সংখ্যক অভিভাবক যখন একই উদ্বেগ প্রকাশ করছেন, তখন সেই উদ্বেগকেও এক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
শিশুদের স্ক্রিন ব্যবহার নিয়ন্ত্রণে কী করতে পারেন অভিভাবক ও নীতিনির্ধারকরা?
আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলি ছিল বাস্তবসম্মত, কোনও চরম সিদ্ধান্ত নয়। যেমন ছোট শিশুদের হাতে স্মার্টফোনের পরিবর্তে সাধারণ ফোন দেওয়া, অথবা শুধু পড়াশোনার কাজে ব্যবহারের জন্য ট্যাবলেট দেওয়া। স্ক্রিন ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া এবং প্রয়োজনীয় ফিল্টার ব্যবহার করা। স্কুলে অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল ব্যবহারের ভালো-মন্দ নিয়ে পাঠ চালু করা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর জন্য আরও বেশি সময় বরাদ্দ করা। বাড়ির কিছু জায়গাকে সম্পূর্ণ ফোনমুক্ত রাখা। পাশাপাশি অ্যাপ প্রস্তুতকারী সংস্থাগুলিকেও জবাবদিহির আওতায় আনার দাবি উঠেছে, যাতে তারা ব্যবহারকারীর বয়স যাচাই করে এবং শুরু থেকেই নিরাপদ ব্যবহারের ব্যবস্থা রাখে।
লক্ষণীয় বিষয় হল, এই প্রস্তাবগুলির কোথাও কিন্তু মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়নি। কারণ একই ডিভাইস একটি শিশুকে লাইব্রেরি, শিক্ষক, মানচিত্র কিংবা দূরে থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়। আসল প্রশ্ন কখনওই স্ক্রিন থাকবে কি থাকবে না, তা নয়। আসল প্রশ্ন হল, স্ক্রিনের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে?
অবসর সময়ের প্রতিটি মুহূর্ত স্ক্রিনে ডুবে গেলে কী হারাতে পারে শিশুরা?
রমেশের বাড়িতে তখন আরও নীরবে একটি ঘটনা ঘটে চলেছে। তাঁর মেয়ে আর বায়না করছে না, কী করবে তা জানতে চাইছে না। আর বিষয়টি লক্ষ করার মতো। কারণ, একটি ফাঁকা বিকেল মানেই যে সময়ের অপচয়, তা নয়। একঘেয়েমির মধ্যেই একটি শিশু শিখতে পারে কীভাবে সামান্য জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে হয়। দেশলাইয়ের বাক্স হয়ে উঠতে পারে নৌকা, আকাশের মেঘ থেকে জন্ম নিতে পারে নতুন গল্প। অপেক্ষা করতে করতেই তৈরি হয় ধৈর্য।
অন্যদিকে, স্ক্রিন প্রতি সেকেন্ডে নতুন কিছু হাজির করে। সঙ্গে সঙ্গে মেলে বিনোদন, নেই অপেক্ষা, নেই একঘেয়েমি। অথচ ওই ফাঁকা সময়টুকুরও প্রয়োজনীয়তা রয়েছে। যে ডিভাইস অবসর সময়ের প্রতিটি মুহূর্ত ভরিয়ে দেয়, সেটিই হয়তো শিশুর চিন্তাভাবনা ও কল্পনাশক্তি গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময়টুকু কেড়ে নিচ্ছে।
শিক্ষকদের কথাতেও উঠে আসছে এই সমস্যার প্রভাব। তাঁদের দাবি, ক্লাসে অনেক শিশুর পক্ষেই দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে বসে থাকা কঠিন হয়ে পড়ছে। আবার রাতে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের পর ক্লাসে ঘুমিয়ে পড়ছে কেউ কেউ। এর মধ্যে সবচেয়ে নীরব শিকার হয়ে উঠতে পারে ঘুম। অথচ বেড়ে ওঠার বয়সে শেখা, মনে রাখা এবং মানসিকভাবে শান্ত থাকার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি।
বড়দের মোবাইল ব্যবহারের অভ্যাসও অনুকরণ করে শিশুরা-
শিশুরা বড়দের কথা শোনার চেয়ে তাঁদের কাজকর্ম অনেক বেশি মন দিয়ে অনুকরণ করে। যে বাবা-মা রাতের খাবারের সময় বলেন, ‘কেউ ফোন ধরবে না’, অথচ নিজেরাই খাবার টেবিলে বসে মেসেজ দেখেন, তাঁরা আসলে সন্তানকে দ্বিতীয় একটি শিক্ষাই দিচ্ছেন।
বড়রাও বা কতটা আলাদা? বাসে লাইনে দাঁড়ানো কিংবা লিফটের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের অনেকের হাত চলে যায় মোবাইলের দিকে। একটি ফাঁকা মিনিট কীভাবে কাটাতে হয়, সেটাই যেন আমরা প্রায় ভুলে গিয়েছি। তাই যারা বড়দের দেখেই শেখে, সেই শিশুরাও যে এই অভ্যাস রপ্ত করবে, তাতে আর আশ্চর্য কী!
স্ক্রিনের বাইরে শৈশবটা কেমন ছিল?
রমেশ অবশেষে চোখ খুলে মেয়ের দিকে তাকালেন। উজ্জ্বল স্ক্রিনের দিকে ঝুঁকে রয়েছে সে। এতটাই মগ্ন যে বাবার উপস্থিতিও টের পাচ্ছে না। হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল রমেশের। মনে পড়ল, এমনই এক দীর্ঘ বিকেলের কথা, যে বিকেলে করার মতো কিছুই ছিল না। আর সেই শূন্য সময়টুকুতে তিনি নিজে কী কী করে ফেলেছিলেন!
আপনার ছোটবেলায় এমন কোনও বিকেল, যখন করার মতো কিছুই ছিল না, তখন আপনি কী করতেন?
সূত্র: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬-এর ডিজিটাল আসক্তি ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অধ্যায় (Careers360-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী) এবং শিশুদের সোশ্যাল মিডিয়া, OTT ও অনলাইন গেম ব্যবহারের উপর LocalCircles-এর অভিভাবক সমীক্ষা। রমেশ ও তাঁর পরিবার কাল্পনিক, তবে সমীক্ষার তথ্য বাস্তব।
