মুম্বই: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকে খুনের হুমকি! গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য। বুলেটপ্রুফ নিরাপত্তা থাকলেও রেহাই মিলবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মুম্বইয়ে তাঁর ২০০ জন সহযোগী সক্রিয় রয়েছে বলেও দাবি করেছে ওই গ্যাংস্টার। এর মধ্যেই অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র বাইরে হামলার ছক কষার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
বলিউডের বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার, ১৬ নভেম্বর গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর নামে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে আসে। সেখানে সরাসরি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
NDTV-র প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের হাতে দুই সহযোগী বিকাশ ঠাকুর এবং দীপক সিং গ্রেফতার হলেও তাদের বিরুদ্ধে অভিযান থামবে না বলে দাবি করেছে গোল্ডি। শুধু তাই নয়, মুম্বইয়ে তার আরও প্রায় ২০০ জন সহযোগী প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে ওই পোস্টে। বচ্চন পরিবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কটাক্ষ করে বলা হয়েছে, বুলেটপ্রুফ কাচ বা বিশেষ নিরাপত্তা কোনও কিছুই তাঁদের রক্ষা করতে পারবে না।
গোল্ডি ধিলোঁর ওই পোস্টে উঠে এসেছে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার প্রসঙ্গও। ওই দাঙ্গার জন্য যারা দায়ী, তাদের কখনও ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করা হয়েছে।
একইসঙ্গে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যাঁরা মন্তব্য করবেন, তাঁদের শত্রু হিসেবে দেখা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গেই অমিতাভ ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই পোস্টের সত্যতা এবং তাতে করা দাবিগুলি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অমিতাভের বাড়িতে হামলার ছক, গ্রেফতার দুই সন্দেহভাজন। এই হুমকির ঘটনা সামনে এসেছে এমন এক সময়, যখন অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে হামলার ছক কষার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের নাম বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ। দু’জনেরই বাড়ি পঞ্জাবে। পুলিশের সন্দেহ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এই দুই অভিযুক্ত অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে জড়িত ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশ ঠাকুরকে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই পরিকল্পনার সঙ্গে মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়ির বাইরে হামলার ছকের যোগসূত্রও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিকাশ মুম্বই থেকে দিল্লিতে গিয়েছিল এবং দীপকেরও পরে সেখানে যোগ দেওয়ার কথা ছিল বলে তদন্তে উঠে এসেছে। আগেও বোমা হামলার হুমকি পেয়েছিল ‘জলসা’। অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’কে ঘিরে এর আগেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
এর পর থেকেই বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়। গত ১ নভেম্বর অনুরাগীদের সঙ্গে তাঁর নিয়মিত রবিবারের সাক্ষাতেও দেখা যায় বিশেষ ব্যবস্থা। সাধারণত বাড়ির বাইরে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। কিন্তু সেদিন তাঁকে তিন দিক থেকে বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘেরা একটি সুরক্ষিত কাঠামোর ভিতরে দাঁড়িয়ে অনুরাগীদের অভিবাদন জানাতে দেখা যায়।
নতুন করে গোল্ডি ধিলোঁর হুমকির ঘটনায় বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি।
