আগরতলা : জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘সাংবাদিকতা: জনস্বার্থ, নাকি দায়িত্বশীলতা’—এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা,
সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা এবং পেশাগত নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, বিশিষ্ট সাংবাদিক শেকত দত্ত, চিত্রা রায় এবং প্রণব সরকার সরকার। এছাড়াও আগরতলা প্রেস ক্লাবের সদস্য, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের সামনে সত্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাধারণ মানুষের সমস্যা, মানুষের অধিকার, সামাজিক অসঙ্গতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় সংবাদমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বক্তাদের আলোচনায় উঠে আসে, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সংবাদমাধ্যমের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সেই স্বাধীনতার যথাযথ ও দায়িত্বশীল ব্যবহারও প্রয়োজন।জাতীয় প্রেস দিবসের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
সব মিলিয়ে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের এই আলোচনা সভা সাংবাদিকতার নীতি, আদর্শ, স্বাধীনতা ও জনস্বার্থের প্রশ্নে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করে।
