পারথ: বিতর্ক যেন শেষ হয়েও হয় না। ২০১৮ সালে ‘স্যান্ডপেপার গেট’ (Sandpaper Gate) বিতর্ক অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। বল বিকৃতির অভিযোগে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং তরুণ ক্যামেরন ব্যানক্রফ্টকে লম্বা সময় নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তার আট বছর পর উসমান খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার পরেই ফের একবার অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে বিতর্ক তুঙ্গে।
খাওয়াজা দাবি করেছিলেন স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করা হচ্ছে, সেটা দলের সকলেই জানতেন। তবে বিগত আট বছর ধরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই বিতর্কিত টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বোলাররা যারা পরবর্তীতে ‘ফ্যাব ফোর’ হিসাবে খ্যাত হন, সেই প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং নাথান লায়ন বারংবার দাবি করে এসেছেন যে তাঁরা বল যে বিকৃত করা হচ্ছে, সেই বিষয়ে কিছুই জানতেন না। পুনরায় সেই একই দাবি জানিয়ে সমস্ত জবাব দেওয়ার জন্য এবং এই বিতর্ক চিরতরে সমাপ্ত করার লক্ষ্যে গত শুক্রবার অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স একটি ৭০ মিনিটের সাংবাদিক সম্মেলনও করেন। তবে তারপরেও সেই বিতর্ক থামেনি। প্রাথমিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এই ঘটনার পুনরায় তদন্তের প্রয়োজন নেই জানানো হলেও, সদ্যই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যারা ওই ঘটনার সমস্ত বিবরণ সব খেলোয়াড়দের থেকে শুনবেন। তারপরেই ঘটনায় মূল অভিযুক্ত ক্য়ামেরন ব্যানক্রফ্ট (Cameron Bancroft) মুখ খুললেন।
কামিন্সের দাবি নস্যাৎ করে পুনরায় এই ঘটনায় নয় মাস নির্বাসিত হওয়া ব্যানক্রফ্টের দাবি গোটা দলই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে জানত এবং তিনি নিয়মিত এই বিষয়ে বোলারদের এবং উইকেটকিপারের সঙ্গে কথাও বলতেন। কামিন্সের সাংবাদিক সম্মেলনের বক্তব্য তাঁর বিশ্বাসঘাতকতা বল মনে হয়েছে বলেও দাবি করেন ব্যানক্রফ্ট। তিনি লেখেন, ‘(কামিন্সের বক্তব্য শুনে) আমার রাগ হয়েছে, মনে হয়েছে আমায় একা করে দেওয়া হয়েছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং আমি, আমরা শুধু এই তিনজন নয়, দক্ষিণ আফ্রিকায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টা দলের সকলে জানতেন।’
আরও পড়ুন:- ‘চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার’, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
ব্যানক্রফ্ট জানান তিনি প্রাথমিক তদন্তের সময় বাকিদের বাঁচানোর জন্য বিভিন্ন তথ্য, কতদিন ধরে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে, এই সব বিষয়গুলি আড়াল করে গিয়েছেন। তাঁর দাবি এই ঘটনা তাঁর গোটা আন্তর্জাতিক কেরিয়ারই শেষ করে দিয়েছে এবং তিনি বিষয়টি চেপে রাখলে তা আরও ক্ষতিকারক হবে। এরপরেই বিস্ফোরক ব্যানক্রফ্টের দাবি কামিন্সরা শুধু স্যান্ডপেপার ব্যবহারের কথা জানতেনই না, তাঁরা ব্যানক্রফ্ট সঠিকভাবে স্যান্ডপেপার ব্যবহার করে নিজের কাজটা করছেন কি না, সেই বিষয়ে ফিডব্যাকও দিতেন।
‘আমি নিয়মিত বোলারদের সঙ্গে বল কেমন আচরণ করছে, সেই বিষয়ে কথা বলতাম। আমায় তো কথা বলতেই হত। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং মিচেল মার্শ, আমাদের ফাস্ট বোলারদের সঙ্গে বলটা যথেষ্ট রিভার্স স্য়ুইং হচ্ছে কি না, সেই নিয়ে কথা আলোচনা করতাম।’ দাবি ব্যানক্রফ্টের। ৩৩ বছর বয়সি অস্ট্রেলিয়ান ক্রিকেটারের দাবি তৎকালীন কোচ ড্যারেন লিমান এবং ফাস্ট বোলিং কোচ ডেভিড সাকেরও এ বিষয়ে জানতেন এবং সাকের অনেক সময় তিনি ঠিকভাবে বলের উপর কাজ করছেন না বলেও অভিযোগ জানাতেন।
তবে খাওয়াজার বইতে উসমান যে দাবি করেন যে তিনি এই বিষয়ে দায় নিতে সামনে আসতে চেয়েছিলেন, ব্যানক্রফ্ট দাবি করেন কেবল তৎকালীন অস্ট্রেলিয়ান মিডিয়া ম্যানেজার কেট হাচিনসন বাদে আর কেউ এই স্যান্ডপেপার ব্যবহারে আপত্তি তোলেননি। তাই সেই সময় খাওয়াজার দাবি মতো স্যান্ডপেপার ব্যবহারে আপত্তি জানানো সম্ভব ছিল না এই বিষয়টিও খণ্ডণ করে দেন ব্যানক্রফ্ট। পাশাপাশি তাঁকে সাংবাদিক সম্মেলনে কী বলতে হবে থেকে সবটাই বলে দেওয়া হলেও, শেষমেশ তাঁকে তথাকথিতক বলির পাঁঠা করা হয়। মূল অভিযুক্তের এহেন বয়ানের পর স্যান্ডপেপার গেট নিয়ে বিতর্ক জলঘোলা যে আরও বাড়বে, তা কিন্তু বলাই বাহুল্য।
