রাঁচি: কিছুদিন আগেই আইপিএল থেকেও অবসর নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আগামী মরশুমে আর হলুদ জার্সিতে মাঠে এমএসডিকে খেলতে দেখা যাবে না। তিনি মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন চেন্নাই সুপার কিংসের। এরমধ্য়েই একটু ভিন্ন মেজাজে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। স্ত্রী সাক্ষীর ৩৮ তম জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে একান্ত সময়ে কাটাতে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন ধোনি। মনোরম পাহাড়ি পথে প্রাক্তন এই ভারতীয় অধিনায়কের গাড়ি চালানোর একটি ভিডিও ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।
সাক্ষী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছ গাড়ির ড্রাইভিং সিটে বসে মহেন্দ্র সিংহ ধোনি। সেই পোস্টে নিজের জন্মদিন সেলিব্রেশনের কয়েকটি ছবি পোস্ট করেছেন সাক্ষী। একই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে যে এই দম্পতি পাহাড়ঘেরা পরিবেশেও একটি সুন্দর সন্ধ্যা কাটিয়েছেন। দেখা যাচ্ছে ধোনি পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, আর পাশের সিটে বসে সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন সাক্ষী। শেষ ছবিটিতে দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখা গেছে। সেখানে ধোনিকে একটি কালো হাফ-হাতা টি-শার্টে এবং সাক্ষীকে সোয়েটার পরা অবস্থায় দেখা যায়।
এদিকে, ধোনির আইপিএল থেকে অবসরের পর স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে ক্রিকেটমহল। তাঁর সতীর্থ থেকে প্রতিপক্ষ, সকলেই ধোনিকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবার সেই তালিকায় রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। স্মৃতির সাগরে ডুব দিলেন ‘মাস্টার ব্লাস্টার’, একেবারে ধোনির কেরিয়ারের শুরুর দিকে কথা মনে করিয়ে তিনি স্মৃতিচারণা করে লেখেন, ‘আমরা এখনও মনে আছে বাংলাদেশে এমএসকে ব্যাট করতে দেখে আমি সৌরভকে বলেছিলাম যে ওই পাওয়ার হিটিংয়ের মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। ওর মধ্যে এক বিশেষ প্রতিভা, এক বিশেষ উপহার ছিল এবং কী ওর সফরটা কী দারুণই না ছিল। তোমার সঙ্গে সাজঘর ভাগ করা এবং ভারতীয় ক্রিকেটের বেশ কিছু স্মরণীয় মুহূর্তে তোমার সঙ্গে কাটানোটা দারুণ আনন্দের ছিল। আমার বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই এবং তুমি সত্যি বলতে আমরা কল্পনাকে ছাপিয়ে গিয়ে আরও অনেক বেশি সাফল্য পেয়েছ। তুমি ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছ এবং তোমার সফরের সঙ্গী হতে পারাটাও দারুণ ছিল। ভাল খেলেছ এমএস!’
