ওয়েলিংটন: শুভমন গিল এবং ঋষভ পন্থ একসঙ্গে বড় কীর্তি গড়ে ফেলেছেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে খেলা প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন পন্থ এবং গিল, দু’জনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রান পূর্ণ করেছেন। তাঁদের আগে কোনও ভারতীয় ব্যাটসম্যান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই মাইলফলক স্পর্শ করেননি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রান পূর্ণ করা প্রথম ভারতীয় শুভমন গিল, যিনি প্রথম ইনিংসে ৯৮ রান করেন। তাঁর কিছুক্ষণ পরেই ঋষভ পন্থও এই মাইলফলক ছুঁয়ে ফেলেন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত পন্থ ৫৫ রান করে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে গিল ও পন্থ মিলে ১০০ রান যোগ করেছিলেন। গিল ৯৮ রানে আউট হয়ে গেলেও পন্থ এখনও ক্রিজে।
ওয়েলিংটন টেস্টের আগে শুভমন গিল WTC-তে ৭৬ টেস্ট ইনিংসে ২৯১৭ রান করেছিলেন। তিন হাজার রানের মাইলফলক ছুঁতে তাঁর দরকার ছিল ৮৩ রান। ৯৮ রানের ইনিংসের পর গিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রান দাঁড়িয়েছে ৩০১৫। গিল সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি এবং দিনের শেষ ওভারে উইকেট হারানোর পর তাঁর মুখে হতাশা স্পষ্ট ছিল।
ঋষভ পন্থ গড়লেন রেকর্ড
ঋষভ পন্থও তিন হাজার রান পূর্ণ করেছেন। পন্থ WTC-র ইতিহাসে এই মাইলফলক ছোঁয়া বিশ্বের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান। পন্থের তিন হাজার রানের মাইলফলক ছুঁতে দরকার ছিল ৫২ রান। তিনি প্রথম ইনিংসে ৫৫ রান করে ফেলেছেন, ফলে WTC-র ইতিহাসে তাঁর মোট রান দাঁড়িয়েছে ৩০০৩।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় আপাতত শীর্ষে আছেন অধিনায়ক শুভমন গিল, এরপরই ঋষভ পন্থের নাম। ২৭১৬ রান করা রোহিত শর্মা তৃতীয় এ বং২৬৭৫ রান করে রবীন্দ্র জাদেজা চতুর্থ স্থানে আছেন। যশস্বী জয়সওয়াল এই তালিকায় জাডেজার থেকে মাত্র ২ রান পিছিয়ে।
আরও পড়ুন: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
ম্যাচের আপডেট
ওয়েলিংটন টেস্ট ম্যাচে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস ৩৬৮ রানে থেমে যায়। এরপর ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ৫০ বা তার বেশি স্কোর করেছেন, সেটিও একটি রেকর্ড। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রান করেছে, ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ১১৮ রানের।
আরও পড়ুন: ধোনির রেকর্ড ভেঙে নতুন নজির শুভমনের, মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া!
