কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে, ‘পঞ্চায়েত সিজন ৫’ (Panchayat Season 5)-এর ট্রেলার, আর তার বাঁকে বাঁকেই রয়েছে চমক। তবে একটা বিষয় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই সিজনই শেষ নয়। গল্পে রয়েছে অনেক বাঁক.. অনেক মোড়। সচিব আর রিঙ্কির প্রেম থেকে শুরু করে, গ্রামে পালাবদল.. সমস্ত কিছুই তুলে ধরা হবে এই সিরিজে। ডিসেম্বর মাসের ৩ তারিখ মুক্তি পাওয়ার কথা এই সিরিজের নতুন সিজনের। তবে তার মধ্যেই, বড় ইঙ্গিত দিলেন এই সিরিজের পরিচালক। মহোদিয়া গ্রামই হয়ে ওঠে, গল্পের ‘ফুলেরা’। এখানেই শ্যুটিং হয় এই সিরিজের। এই গ্রামেই ট্রেলার লঞ্চের আসর বসেছিল এদিন। আর সেখানেই, বড় ইঙ্গিত দিলেন পরিচালক। ‘মির্জাপুর’-এর পথে হেঁটেই, এবার কি বড়পর্দায় আসতে চলেছে ‘পঞ্চায়েত’-এর গল্প?
‘ফুলেরা’ গ্রামের গল্প এবার বড়পর্দায়?
প্রযোজক বিজয় কোশী এই সিরিজের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে প্রথম এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ২০১৬ সাল থেকেই তাঁরা প্রত্যেকে স্বপ্ন দেখেছেন পঞ্চায়েত-এর গল্প, ফুলেরা গ্রামের গল্পকে বড়পর্দায় নিয়ে আসার। তাঁরা যে মির্জাপুরের পথে হাঁটছেন, এমনটা নয়.. সেটাও পরিষ্কার করে দিলেন প্রযোজক। ওয়েব সিরিজ হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পরে, একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি হিসেবে পর্দায় এসেছে ‘মির্জাপুর’। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই অবশ্য বলেছেন, ছবিটির থেকে সিরিজ অনেকাংশেই ভাল। কোনও সফল সিরিজের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সবসময়েই। তাই এখনই ‘পঞ্চায়েত’ কে পর্দায় আনার পরিকল্পনা নেই। তবে অদূর ভবিষ্যতে এই কথা ভেবে রেখেছেন নির্মাতারা, এই ইঙ্গিতও করা হয়েছে।
প্রযোজক আরও জানিয়েছেন, কোনও নতুন জিনিস বাজারে আসার পরে, সেটা বিক্রি হওয়ার কিছুদিন পরে বোঝা যায় জিনিসটা কেমন। এ ক্ষেত্রেও তাই। ‘পঞ্চায়েত’-এর নতুন সিজন নিয়ে তাঁরা আপাতত ভাবছেন। তবে তাঁদের মাথায় রয়েছে বড়পর্দায় এই সিরিজের গল্পকে নিয়ে আসার পরিকল্পনাও। তবে সেখানে গল্প বা কাস্টিংয়ে কোনও পরিবর্তন হবে কি না বা সেই ছবির কাজ এখনই শুরু হয়ে গিয়েছে কি না.. সেটা নিয়ে অবশ্য গোটা টিমের কেউ কথাই বলেননি।
