Train Seat: কামরায় ৫২টি সিট, ৫৪ নম্বরের কনফার্ম টিকিট নিয়ে ট্রেনে উঠে হতভম্ব যাত্রী! কী বলছে রেল?

কী হল শেষ পর্যন্ত?Image Credit: TV9 বাংলা

লখনউ: আজব কাণ্ড! ট্রেনের টিকিট কাটলেন এক যাত্রী, সিটও পেলেন। কিন্তু ট্রেনে উঠে দেখলেন সিট নেই! নাহ, অন্য কেউ ওই সিটে বসে নেই, আসলে ট্রেনেই ওই সিট নেই! অদ্ভুতুড়ে এই ঘটনায় কী ব্যাখ্যা দিল রেল?

জানা গিয়েছে, বারাণসী থেকে গোরক্ষপুরগামী একটি ট্রেনে সফর করছিলেন ওই ব্যক্তি। তাঁর কাছে কনফার্ম টিকিট ছিল। বার্থ নম্বর ছিল ৫৪। কিন্তু ট্রেনে নির্দিষ্ট কামরায় উঠে তিনি যখন বার্থ খোঁজেন, দেখেন যে সেই সিটই নেই। কারণ ওই কামরায় ৫২টি আসন ছিল।

ইশান বাজপেয়ী নামক ওই ব্যক্তি এক্স হ্যান্ডেলেও গোটা ঘটনার ভিডিয়ো পোস্ট করেন। জানান যে রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি ট্রেনে ওঠেন, তখন এই অভিজ্ঞতার সম্মুখীন হন। কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও কার্যত সারা রাত তাঁকে দাড়িয়ে থাকতে হয়। রেলের হেল্পলাইন ১৩৯ নম্বরেও ফোন করে অভিযোগ জানান তিনি।

এক্স হ্যান্ডেলে ছবি-ভিডিয়ো সহ করা অভিযোগের ভিত্তিতে রেলওয়ে সেবা-র তরফে জানানো হয় যে উর্ধ্বতন আধিকারিকদের কাছে বিষয়টি জানানো হয়েছে। যথাযথ পদক্ষেপ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো নিয়ে তুমুল শোরগোল পড়েছে। অনেকেই মজা করে লিখছেন যে কামরায় যত সিট রয়েছে, তার থেকেও বেশি সিট দিচ্ছে যাত্রীদের। অন্যদিকে, কয়েকজন দাবি করেছেন যে তাদেরও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। কারোর বুকিং ২এসি থেকে বদলে ৩এসি-তে বদলে গিয়েছিল। কেউ আবার জানতে পারেন যে ট্রেনে অতিরিক্ত কামরা যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *