সুরাত : সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের মা জাইতুন বিবি। কিন্তু সেই চিকিৎসাতে একটা ভুল শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় । অভিযোগ দায়ের হয় । দীর্ঘ ১৭ বছর ধরে চলে আইনি লড়াই। অবশেষে মিলল বিচার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত চিকিৎসককে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সুরাতের আদালত। পাশাপাশি তাঁকে আর্থিক জরিমানাও করা হয়েছে। 

মায়ের মৃত্যুর ১৭ বছর পর পেলেন বিচার! চিকিৎসায় গাফিলতির অভিযোগে ২ বছরের জেল হল ইসমাইল দরবারের মায়ের চিকিৎসকের । ২০০৯ সালের কথা।   ২০০৯ সালে জাইতুন বিবির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালাকে দোষী সাব্যস্ত করে আদালত। দীর্ঘদিন ধরে চলে মামলার শুনানি। সাক্ষীদের বয়ান এবং  তথ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করে আালত। 

কী অভিযোগ উঠেছিল চিকিৎসকের বিরুদ্ধে?

 অভিযোগকারীদের পক্ষের আইনজীবী কেতন রেশমওয়ালার বক্তব্য অনুযায়ী, মৃত্যুর সময় জাইতুন বিবির বয়স ছিল প্রায় ৭০ বছর। জ্বরের চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শরীরে হিট ব্যাগ রাখা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের পর সেটি সরিয়ে নেওয়ার কথা নাকি ভুলেই যান চিকিৎসক ও হাসপাতালে দায়িত্বে থাকা কর্মীরা। আইনজীবীর দাবি, দীর্ঘক্ষণ হিট ব্যাগ শরীরের উপর থাকায় জাইতুন বিবির শরীর গুরুতরভাবে পুড়ে যায়। সেই আঘাতের জেরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মৃত্যু হয় তাঁর।  সংবাদসংস্থা এএনআই-কে কেতন রেশমওয়ালা জানান, চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই হিট ব্যাগ সরিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু অভিযোগ, সেটি সারারাত জাইতুন বিবির শরীরে রাখা হয়েছিল। এর ফলে তিনি গুরুতরভাবে আহত হন।

২০০৯ সালে দায়ের হয়েছিল মামলা

জাইতুন বিবির মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে আইনি পদক্ষেপ করা হয়। ইসমাইল দরবারের বোনের অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালে সুরাতে মামলাটি নথিভুক্ত হয়। হাসপাতালে চিকিৎসার সময় গাফিলতির কারণেই তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছিল পরিবার। এরপর দীর্ঘ সময় ধরে মামলার আইনি প্রক্রিয়া চলে। একাধিক সাক্ষীর বক্তব্য এবং সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ পর্যালোচনা করে অবশেষে অভিযুক্ত চিকিৎসককে দোষী সাব্যস্ত করেছে আদালত।  

দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্তে খুশি পরিবার । চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত ডাঃ পরেশ ভাজিয়াওয়ালাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *