জ্যোতিষশাস্ত্রে শনির অবস্থান ও গতিপথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনিদেবের আশিসে জীবন সুখের সাগর হয়। আর তাঁর রোষে পুড়ে ছারখার হয় সব !  এমনটাই বিশ্বাস বহু মানুষের। কারণ, বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনি হলেন কর্মফলের বিচারক। মানুষের কাজের ভিত্তিতেই তিনি শুভ-অশুভ ফল প্রদান করেন।

বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে শনি গ্রহ। তবে এখন বক্রী অবস্থায় থাকলেও খুব শীঘ্রই গতিপথ পরিবর্তন করতে চলেছে শনি। হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের ১১ ডিসেম্বর থেকে শনির বক্রী দশার অবসান ঘটবে। শুরু হবে মার্গী দশা। জ্যোতিষীদের গণনা অনুযায়ী, ২০২৭ সালের আগস্ট পর্যন্ত এই অবস্থান বজায় থাকতে পারে।

শনির এই গতিবদলের প্রভাব পড়বে ১২টি রাশির উপরেই। তবে বিশেষভাবে তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতি, আর্থিক স্বাচ্ছন্দ্য এবং কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে। কোন কোন রাশির ভাগ্যে আসতে পারে সুসময়?

বৃষ রাশি

শনির মার্গী দশা বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দিচ্ছে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য পরিশ্রম করছেন, এবার তার ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিশেষ করে কর্মজীবীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেওয়ার সুযোগ মিলবে। নতুন কোনও দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। আয়ের দিক থেকেও স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য শনির গতি পরিবর্তন নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বিশেষ করে যাঁরা কর্মজীবনে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছেন, তাঁদের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। উপার্জনের বিকল্প পথ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

যাঁরা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাঁদের কাজ প্রশংসিত হতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও পরিচিতি বাড়ার যোগ রয়েছে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা এবার বাস্তবের মুখ দেখতে পারে।

মকর রাশি

মকর রাশির অধিপতি গ্রহ শনি। তাই শনির গতিবিধির সঙ্গে এই রাশির জাতকদের জীবনের বিশেষ যোগ রয়েছে বলে বৈদিক জ্যোতিষে মনে করা হয়। শনির মার্গী দশায় আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে এতদিনের কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

দায়িত্বপূর্ণ কোনও পদে কাজের সুযোগ আসতে পারে। যাঁরা সরকারি বা বেসরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্যও সময়টি আশাব্যঞ্জক হতে পারে। সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতায় আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনির কৃপা পেতে কী করবেন?

বৈদিক জ্যোতিষে শনির অশুভ প্রভাব কমাতে কয়েকটি ধর্মীয় আচার পালনের পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস অনুযায়ী, শনিবার ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করা শুভ। 

এ ছাড়া শনিবার হনুমানজির পুজো করা এবং হনুমান চালিসা পাঠ করার বিধান রয়েছে। রামায়ণের সুন্দরকাণ্ড পাঠও অনেকে শুভ বলে মনে করেন।

পাশাপাশি শনিবার প্রয়োজনীয় ব্যক্তিদের কালো কম্বল, কালো পোশাক, কালো ছোলা ও সর্ষের তেল দান করার প্রচলন রয়েছে। জ্যোতিষ মতে, এই নিয়মগুলি পালন করলে শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস।

তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্রের এই ব্যাখ্যাগুলি বিশ্বাস ও প্রচলিত গণনার উপর নির্ভরশীল। বাস্তব জীবনের সাফল্য নির্ভর করে ব্যক্তির প্রচেষ্টা, সিদ্ধান্ত এবং পরিস্থিতির উপর।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *