সন্দীপ সরকার, কলকাতা: বছর আসে, বছর যায়। বাংলা ক্রিকেটে ব্যর্থতার ছবি আর বদলায় না।
২০২৫-২৬ মরশুমের পর ২০২৬-২৭। পরপর দুই মরশুমে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলা। গতবার গ্রুপে চার ম্যাচ জিতে ও তিন ম্যাচ হেরে খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাকে। এবারও গ্রুপের গণ্ডি পেরতে পারল না কোচ লক্ষ্মীরতন শুক্লর দল। চার ম্যাচ জিতে ও তিন ম্যাচে পরাজয়ের তিক্ততা হজম করে বিদায় নিল। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মরণ-বাঁচন ম্যাচে রাজস্থানের কাছে ৬ উইকেটে হেরে গেলেন অভিমন্যু ঈশ্বরণরা। ৭ ম্যাচে ১৬ পয়েন্টে আটকে গেল বাংলা। গ্রুপ এ থেকে সুপার লিগের যোগ্যতা অর্জন করল বঢোদরা ও রাজস্থান।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। শুরুতেই ব্যাটিং বিপর্যয় হয় দলের। একটা সময় স্কোর দাঁড়িয়েছিল ৩২/৪। রাজস্থানের পেসার দীপক চাহার, আরাফত খানরা তখন কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন বাংলার ব্যাটিংয়ে। সেখান থেকে শাকির হাবিব গাঁধী (৪৩ বলে ৬৯ রান) ও করণ লাল (২০ বলে ২৮) পঞ্চম উইকেটে পাল্টা লড়াই চালান। কিন্তু মানব সুতার নিজের বলে ফলো থ্রু-তে বল ছুড়ে করণ লালকে রান আউট করে দেওয়ার পরই বাংলার ব্যাটিংয়ের কোমর ভেঙে যায়। ১৫৭/৯ স্কোরে আটকে যায় বাংলা। জবাবে ১৬.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ রাজস্থানের। অভিজিৎ তোমর (৫২ বলে অপরাজিত ৭৪ রান) ও মহীপাল লোমরর (৩৫ বলে ৭৪) ঝোড়ো ব্যাটিং করে বাংলার স্বপ্ন কফিনবন্দি করেন। শুরুতেই তোমরের লোপ্পা ক্যাচ শিশুসুলভ ভঙ্গিতে ফেলে দিয়ে ম্যাচ থেকে বাংলাকে ছিটকে দেন আদিত্য পুরোহিত। ম্যাচের বাকিটা জুড়ে শুধুই হতাশার ছবি।
একের পর এক টুর্নামেন্টে বাংলার ব্যর্থতা রাজ্যের ক্রিকেটপ্রেমীদের মনে হতাশা তৈরি করেছে। দীপক চাহারদের কাছে লজ্জার হারের পর বাংলার কৌশল ও পরিকল্পনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
যেমন এক, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হল কেন? ভারতীয় ক্রিকেটের সঙ্গে পরিচিত সকলেই জানেন যে, মুম্বইয়ে একটু বেলার দিকে ম্যাচ মানেই পিচের মাটির নীচের স্তরে আর্দ্রতা থাকবে। পেসাররা বাড়তি সুবিধা পাবে। বল নড়াচড়া করবে, বাউন্স হবে। বাংলা বনাম রাজস্থান ম্যাচটি জিওহটস্টারে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে টসের আগে পিচ রিপোর্টে ধারাভাষ্যকার মনোজ দত্তও বলছিলেন, পিচ সজীব। গতি ও বাউন্স থাকবে। সেখানে হাতে মহম্মদ শামি, মুকেশ কুমারদের মতো পেসার থাকা সত্ত্বেও প্রথমে ব্যাটিং কেন? অভিষেক পোড়েল পিচের বাড়তি বাউন্স সামলাতে না পেরেই আউট হলেন। শুরুতে ফিল্ডিং নিলে কি ফল অন্যরকম হতে পারত?
দুই, দলের ব্যাটিং কোচ (সহকারী কোচ) সুরেন্দ্র ভাবের ভূমিকা ঠিক কী? গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার ব্যাটিং ডোবাচ্ছে বাংলাকে। ভাবে নিজে মহারাষ্ট্রের ক্রিকেটার। পশ্চিমাঞ্চলের হয়ে খেলেছেন। পশ্চিম ভারতে উইকেটের প্রকৃতি নিয়ে জানেন। কেন তিনি রাজস্থানের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত হলেন?
তিন, দলের ফিল্ডিং। চলতি টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলেছেন বাংলার ক্রিকেটারেরা। বঢোদরার বিরুদ্ধে তিনটি ক্যাচ পড়েছিল। সেই ম্যাচে হেরে যাওয়ার পর ফিল্ডিংকে দুষেছিলেন বাংলার কোচ। বৃহস্পতিবার ফের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ পড়ল। তোমরের ক্যাচ পুরোহিত না ফেললে কে বলতে পারে ম্যাচের ফল পাল্টে যেত না! আর সেখানেই প্রশ্ন উঠছে, বাংলা দলে কেন কোনও ফিল্ডিং কোচ নেই? আধুনিক ক্রিকেটে যা অন্যতম শর্ত। বাংলা দলে দুজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। যাঁদের একজনের নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। ময়দানের একাংশ বলে, কোনও সাক্ষাৎকার পর্ব ছাড়াই শুধু কোচের ঘনিষ্ঠ বলে একজন দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হয়ে গিয়েছেন। ফিল্ডিং কোচ থাকলে কি হতাশার ছবিটা বদলাত না?
চার, মহম্মদ শামি দলের সেরা পেসার। রঞ্জি ট্রফিতে ছন্দে ছিলেন। বৃহস্পতিবার প্রথম স্পেলে দারুণ বল করেন। কিন্তু সেই শামিকে দ্বিতীয় স্পেলে যখন আনা হল, তখন রাজস্থানের আর গোটা তিরিশেক রান প্রয়োজন। ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। দলের সেরা বোলারকে কেন আরও আগে এনে উইকেটের জন্য ঝাঁপানো হল না? অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ কেন আগ্রাসী হয়ে সেরা অস্ত্রকে প্রয়োগ করলেন না?
পাঁচ, করণ লাল দুরন্ত ফর্মে। আগের ম্যাচেই সেরা হয়েছেন। সেই করণকে কেন ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো হল? কেন তাঁকে ওপরে খেলানো হল না? বিশেষ করে যেখানে চোট পেয়ে সুদীপ কুমার ঘরামি এই ম্যাচে খেলতে পারলেন না, সেখানে করণকে সঠিকভাবে কাজে লাগানো হল না কেন?
ছয়, ভিশন প্রকল্পে অশোক ডিন্ডা, উৎপল চট্টোপাধ্যায়দের বোলিং কোচ করা হয়েছে। কিন্তু সিনিয়র দলে যেখানে গত মরশুম পর্যন্ত শিবশঙ্কর পাল, অরূপ ভট্টাচার্যরা পেস ও স্পিন বোলিং কোচ ছিলেন, এবার সেখানে বাংলা দলের সঙ্গে বোলিং কোচ হিসাবে কাউকে রাখা হল না কেন?
সাত, ৩২ বছরের আদিত্য পুরোহিতের মতো ক্রিকেটার কীভাবে দলে? যেখানে সুমন্ত গুপ্তর মতো চাপের মুখে রঞ্জি ট্রফিতে রান করা ক্রিকেটার হাতে আছেন, সেখানে কেন তাঁর কথা ভাবা হবে না? কেউ কেউ তো বলেই দিচ্ছেন, এর চেয়ে অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের খেলিয়ে দিলেই হয়। তাতে অন্তত ভবিষ্যৎ তৈরি হবে। ৩২ বছরের ক্রিকেটারের অভিষেক ঘটানো মানে কি পিছনের দিকে হাঁটা হচ্ছে না?
ম্যাচের শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লকে সবকটি প্রশ্নই করা হল। এবিপি লাইভ বাংলাকে লক্ষ্মীরতন বললেন, ‘আমরা ব্যাটিং করতে পারিনি। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এরকম ডু অর ডাই ম্যাচে রান তাড়া করার ঝুঁকি নিতে চাইনি। সে জন্যই টস জিতে শুরুতে ব্যাটিং করি।’ কিন্তু বড় মঞ্চে প্রয়োজন মতো প্রথমে ব্যাটিং করে নেওয়ার মান্ধাতা আমলের কৌশল পাল্টানোর নমনীয়তা থাকবে না কেন?
লক্ষ্মীরতন আরও বললেন, ‘আমিই দলের ফিল্ডিং কোচ। কীরকম প্র্যাক্টিস করাই, ড্রিল করাই দেখেছেন তো। চাপের মুখে ভুল হয়ে যায়। আর করণ লালকে পরে পাঠানো ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য। শাহবাজ আমেদ না থাকায় আমাদের ফিনিশার নেই। সেই জন্যই করণকে পরের দিকে রাখতে চেয়েছিলাম। ও আউট হওয়ার পরেও কিন্তু সাত ওভার পড়ে ছিল। সেটা কেউ কাজে লাগাতে পারল না।’
লক্ষ্মী বরং প্রশ্ন তুললেন ক্রিকেটারদের মানসিকতা নিয়ে। বললেন, ‘নতুন যারা সুযোগ পাচ্ছে, তারা সেই সুযোগ কাজে লাগাতে পারছে না। সফল হতে গেলে সেই মানসিকতা থাকতেই হবে। সুযোগ কাজে না লাগালে এরমকই হবে।’
টুর্নামেন্ট আসে, টুর্নামেন্ট যায়। অজুহাতের পাহাড় আর ব্যর্থতার হিসেবনিকেশের মাঝে বাংলার ক্রিকেটপ্রেমীদের হাতে পড়ে থাকে শুধু পেন্সিল।
