মুম্বই: ছয় বছর ট্রফি অধরা, তিন মরশুম ধরে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি দল। হার্দিক পাণ্ড্যও দল ছেড়েছেন। এমন পরিস্থিতিতে ফের একবার বহু যুদ্ধের ঘোড়া, রোহিতেই আশ্বাস দেখিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফের একবার আইপিএলের সফলতম অধিনায়কের (যুগ্মভাবে) কাঁধে আসন্ন মরশুমের (IPL 2027) জন্য দলের নেতৃত্বভার তুলে দিয়েছে পল্টনরা। তবে তাতে কি রুষ্ট হয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)?

ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের পরেও অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের উপর মুম্বই ইন্ডিয়ান্স ভরসা দেখায়নি। আবার তিলক বর্মা এখনও এই দায়িত্বের জন্য প্রস্তুত নয় বলে ধারণা একাংশের। তবে যশপ্রীত বুমরা? অতীতে ভারতীয় দলের অধিনায়কত্ব করলেও, বুমরাকে তিন বছর আগে বা হার্দিকের প্রস্থানে এবারও অধিনায়কত্বের দায়িত্বের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের তরফে যোগ্য মনে করা হয়নি। অবশ্য তাঁকে সহ-অধিনায়কত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন:- নেতৃত্বে ফিরলেন ‘হিটম্যান’, আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স  

গত মরশুমে হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার ও বুমরা একেক সময়ে দলকে নেতৃত্ব দেন। মুম্বইয়ের কোনও নির্বাচিত সহ-অধিনায়কই ছিল না। তবে এ মরশুমে রোহিতকে যেখানে অধিনায়ক হিসাবে পুনরায় দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়, সেখানে বুমরার কাছেও পল্টনদের ম্যানেজমেন্টের তরফে সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে খবর। অক্টোবরের প্রথম সপ্তাহেই তারকা ফাস্ট বোলারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু রিপোর্টে দাবি করা হচ্ছে বুমরা সেই প্রস্তাব নাকি প্রত্যাখান করেন।   

গত মরশুমেও বুমরাকে যখন মুম্বইয়ের অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল, তখন তিনি একবার জানিয়েছিলেন, ‘আমি কোনওদিন ভাবিনি যে আমি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করার আগে টেস্ট দলকে নেতৃত্ব দেব।’ এই বাক্যের মাধ্যমে অনেকেই পল্টনদের অধিনায়কত্ব না পাওয়ায় বুমরার হতাশার আভাস পেয়েছিলেন। এবার সহ-অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কি ফের একবার সেই হতাশা এবং খানিক অভিমানের ছবিই প্রকাশ পেল? শুরু হয়েছে জল্পনা।

৩২-র দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বুমরার পাকাপাকি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার হয়তো এটাই শেষ সুযোগ ছিল। পরের মরশুমেই মেগা নিলাম আয়োজিত হবে। অতীতে অধিনায়কত্বের জন্য অনেকেই আইপিএল দল বদল করেছেন। যেখানে এক বছর পরেই মেগা নিলাম আয়োজিত হবে, সেখানে বুমরাও কি তেমন পথের দিকেই হাঁটবেন? উত্তর দেবে সময়।

   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *