মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে । মহিলা নির্বাচক কমিটি ভাবিকা আহিরেকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে । অনাদি তাগড়েকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে । দলে সামাইরা রাঘব, ঊমা কাশভীও আছেন । উল্লেখ্য, অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে ।
ভাবিকা আহিরে দলের অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার, আর অনাদি তাগড়ে তাঁর ডেপুটি । আগামী ১১ তারিখে ভাবিকা তাঁর ১৯তম জন্মদিন উদ্যাপন করবেন । বাঁহাতি ব্যাটার ভাবিকার নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব ১৯ দল সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি আনঅফিশিয়াল টি-২০ ম্যাচ খেলেছিল । দ্বিতীয় ম্যাচে ভারত ১০৬ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছিল । দিয়া যাদব ৪৯ বলে ৮৭ রানের দারুণ ইনিংস খেলেছিলেন, তিনিও এই দলে আছেন ।
ভাবিকার নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯-কে দুটি টি-২০ ম্যাচেই হারিয়েছিল । প্রথম টি-২০-তে ভাবিকা ৩৩ বলে ৬৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন । অচসা পারমারের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত, যিনি প্রথম ম্যাচে ৫২ রান করেছিলেন । দ্বিতীয় ম্যাচে তিনি ৪১ বলে ৬টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ৮২ রানের ইনিংস খেলেছিলেন ।
অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপের জন্য ভারতীয় দল
ভাবিকা আহিরে (অধিনায়ক ও উইকেটকিপার), অনাদি তাগড়ে (সহ অধিনায়ক), ইরা যাদব, নিধি মাহাতো, পূর্বা সিওয়াচ, মহক নারভাসে, মৈত্রী মনিয়ার, ঈশ্বরী অবসরে, দিয়া যাদব, শ্রেয়া এস চহ্বান (উইকেটকিপার), সমাইরা রাঘব, কুমারী পলক, ঊমা কাশভী, অচসা পারমার, পলক সিংহ ।
🚨 News 🚨 India U19 squad for ACC U19 Women’s Asia Cup announced. More Details 🔽 https://t.co/5brQNRJtnG
— BCCI Women (@BCCIWomen) November 28, 2026
এই দলে থাকা ঊমা কাশভী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন । তিনি ৩ ওভারে ২৪ রান দিয়েছিলেন । দ্বিতীয় ম্যাচে তিনি মাত্র ২ ওভার বল করেন, সেখানেও ১১ রান দিয়ে ২ উইকেট নেন । মৈত্রী মনিয়ার ওই দুই ম্যাচে মোট ৪ উইকেট নিয়েছিলেন । ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল বেশ শক্তিশালী দেখাচ্ছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের ।
আরও পড়ুন: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম




