সন্দীপ সরকার, কলকাতা: প্রথম দিন একটা সেশন নষ্ট হয়েছিল। মঙ্গলবার, ম্যাচের দ্বিতীয় দিনও মন্দ আলোয় পুরো সময় খেলা করা যায়নি। বুধবারও আবহাওয়া বাদ সাধল বাংলা বনাম মহারাষ্ট্র রঞ্জি ট্রফির ম্যাচে। নির্ধারিত সময়ে খেলা শুরু করা গেল না।

শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই ‘মুরাসু’-র ল্যান্ডফল সম্পূর্ণ হয়েছে। অন্ধ্র প্রদেশের ওঙ্গোলের কাছে স্থলভাগে ঢুকেছে ঘূর্ণিঝড়। ৩ নভেম্বর অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করার পর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়।

IMD-র পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র জেরে পশ্চিমবঙ্গে তেমন কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি। যদিও আবহাওয়া অফিস জানিয়েছিল, ৪ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই পূর্বাভাস মিলিয়ে বুধবার সকাল থেকে কালো করে এল কলকাতার আকাশ। মন্দ আলোর জন্য ইডেন গার্ডেন্সে বাংলা বনাম মহারাষ্ট্র রঞ্জি ট্রফির ম্যাচের তৃতীয় দিনের খেলা যে সময়ে শুরু করা যাবে না, সেটাই বোঝাই গিয়েছিল। সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাদ সাধল আবহাওয়া। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা গেল না। খানিক পর শুরু হল ঝিরঝির করে বৃষ্টি। মাঠ ঢাকা হল কভারে। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, ম্যাচের তৃতীয় দিনও বেশ কিছুটা সময় নষ্ট হবে আবহাওয়ার কারণে।

ম্যাচের প্রথম দুদিন নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ১১৫.৫ ওভার। যেখানে খেলা হওয়ার কথা ছিল ১৮০ ওভার। অর্থাৎ প্রথম দুদিনে নষ্ট হয়েছে ৬৪.১ ওভারের খেলা। আবহাওয়ার যা মতিগতি, তাতে বৃষ্টি থেমে আলোর উন্নতি হলেও প্রথম সেশনে খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচের ফয়সালা হবে কি না, তা নিয়েই সংশয়।

আর প্রকৃতি বাদ সাধলে কপাল পুড়তে পারে বাংলার। কারণ, প্রথম ইনিংসের লিড হজম করেছেন অভিমন্যু ঈশ্বরণরা। ম্য়াচের ফয়সালা না হলে ৩ পয়েন্ট পাবে মহারাষ্ট্র। ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাকে।

বাংলা শিবির প্রার্থনা শুরু করেছে, আবহাওয়ার যেন উন্নতি হয়। যেন দ্রুত শুরু হয় ম্যাচ। 

আরও পড়ুন: বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স? জল্পনার পর কী জানাল ফ্র্যাঞ্চাইজি?



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *