সন্দীপ সরকার, কলকাতা: পাঁচ বছর পর পরপর তিন ম্যাচ জিতে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে থেমে যাবে সেই সুখ-সফর?

বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জন্য বাংলা বনাম মহারাষ্ট্র রঞ্জি ট্রফির ম্যাচে ফয়সালা হওয়া নিয়ে অনিশ্চয়তা। বুধবার, ম্যাচের তৃতীয় দিন খেলা শুরুই করা গেল না। সকালে মন্দ আলো, তারপর শুরু হল বৃষ্টি। প্রথম সেশন যে নষ্ট হবে, তা নিশ্চিত। খেলা কখন শুরু হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি প্রভাব পড়বে না কলকাতায়, তবে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। আবহাওয়া দফতর থেকে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত জানালেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান।

ঘূর্ণিঝড় মুরাসুকে ঘিরে তৈরি হয়েছে আবহাওয়া সংক্রান্ত একাধিক প্রশ্ন। তবে স্বস্তির খবর কলকাতার জন্য। আবহাওয়াবিদ হাবিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি কোনও প্রভাব পড়বে না কলকাতায়। তবে এর প্রভাবে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালীপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টির কারণে উৎসবের আনন্দে কোনও প্রভাব পড়বে কি না, সেই বিষয়েও আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন তিনি।

সেই পূর্বাভাস মিলিয়ে বুধবার সকাল থেকে কালো করে এসেছিল কলকাতার আকাশ। মন্দ আলোর জন্য ইডেন গার্ডেন্সে বাংলা বনাম মহারাষ্ট্র রঞ্জি ট্রফির ম্যাচের তৃতীয় দিনের খেলা যে সময়ে শুরু করা যাবে না, সেটা বোঝাই গিয়েছিল। সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাদ সাধল আবহাওয়া। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা গেল না। খানিক পর শুরু হল ঝিরঝির করে বৃষ্টি। মাঠ ঢাকা হল কভারে। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, ম্যাচের তৃতীয় দিনও বেশ কিছুটা সময় নষ্ট হবে আবহাওয়ার কারণে।

ম্যাচের প্রথম দুদিন নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ১১৫.৫ ওভার। যেখানে খেলা হওয়ার কথা ছিল ১৮০ ওভার। অর্থাৎ প্রথম দুদিনে নষ্ট হয়েছে ৬৪.১ ওভারের খেলা। আবহাওয়ার যা মতিগতি, তাতে বৃষ্টি থেমে আলোর উন্নতি হলেও প্রথম সেশনে খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচের ফয়সালা হবে কি না, তা নিয়েই সংশয়।

যদি ম্যাচ এখান থেকে ভেস্তে যায়, তা হলে দুই দলের একটা করে ইনিংস শেষ না হওয়ায় ১ পয়েন্ট করে পাবে দুই দলই। আর যদি মহারাষ্ট্র ইনিংস শেষ হয়, কিন্তু ম্যাচের ফয়সালা না হয়, তাহলে প্রথম ইনিংসের লিড নেওয়ার জন্য পৃথ্বী শ-রা পাবেন তিন পয়েন্ট। বাংলা পাবে এক পয়েন্ট।

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

Source link