সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় তাঁকে বলা হতো ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। তাঁর নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। যে দলের সদস্য ছিলেন শুভমন গিল। সেই শুভমন এখন ভারতীয় টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক।

আর পৃথ্বী শ ছিটকে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের নিউক্লিয়াস থেকে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, ব্যক্তিগত জীবনে ঝড় – বারবার বিতর্কে নাম জড়িয়েছে ২৬ বছরের ক্রিকেটারের। মাঝে কেরিয়ার নিয়েও প্রশ্ন ছিল। বাদ পড়েছিলেন মুম্বই রাজ্য দল থেকে।

আপাতত ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন পৃথ্বী। কেরিয়ারকে নতুন গতি দিতে মুম্বই ছেড়ে যোগ দিয়েছেন মাহারাষ্ট্রে। সেই দলের অধিনায়কও তিনি। ইডেনে সোমবার বাংলা ১৪৩ রানে অল আউট হয়ে যাওয়ার পর মহারাষ্ট্র ইনিংস ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী। ক্রিজে বেশ থিতুও দেখাচ্ছিল তাঁকে। জোড়া বাউন্ডারি মারেন। তবে ২১ বলে ১২ রান করে ছন্দপতন। মহম্মদ শামির চকিতে ভিতরে ঢুকে আসা ইনস্যুইঙ্গার তাঁর অফস্টাম্প উড়িয়ে দেয়। বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন পৃথ্বী।

মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা আগে যখন খেলা বন্ধ হল, মহারাষ্ট্রের স্কোর ২১/২। বাংলার চেয়ে ১২২ রানে পিছিয়ে তারা। মাঠ ছাড়ার আগে শামির ওই বিষাক্ত ডেলিভারি নিয়ে মুগ্ধতা পৃথ্বীর কথায়। বিজেপির মিছিলের জন্য তখন ইডেনের সামনে যানজট। আটকে পড়েছিল মহারাষ্ট্রের টিমবাসও। ক্লাব হাউসের লবিতে অপেক্ষা করছিলেন পৃথ্বী। এবিপি লাইভ বাংলাকে বলছিলেন, ‘পিচে বল পড়ে দ্রুত গতিতে যাচ্ছে। শামি ভাইয়ের বলটা অসাধারণ ছিল। এত আচমকা ভেতরে ঢুকে এল যে বুঝতেই পারিনি।’

তার কিছুক্ষণ আগেই শামির বোলিংয়ের প্রশংসা করে গিয়েছেন মহারাষ্ট্রের ক্রিকেটার অঙ্কিত বাওনেও। বলছিলেন, ‘শামি ভাই যে কোনও পিচেই দারুণ বল করবে। ওর আলাদা করে পিচের সাহায্যের প্রয়োজন পড়ে না।’ এই ম্যাচে খেলা দেখতে এসেছেন জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। তিনিও শামির স্পেল দেখে গেলেন।

প্রথম দিনের খেলার শেষে মাঠ ছাড়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন পৃথ্বী। সৌরভ তখন বাংলার ড্রেসিংরুমে ক্রিকেটারদের উৎসাহ দিতে গিয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেন পৃথ্বী। যে দলের হেড কোচ হয়েছেন সৌরভ। তাঁর কাছে পরামর্শ নেন পৃথ্বী। সৌরভের তত্ত্বাবধানে কলকাতায় দুদিনের প্রস্তুতি শিবির করল দিল্লি ক্যাপিটালস। সোমবারই ছিল শেষ দিন। তারপরই ইডেনে এসেছিলেন সৌরভ। পৃথ্বীকে মনে হল বড় রানে ফেরার শপথ নিচ্ছেন। টিমবাসে ওঠার আগে বললেন, ‘আজ জমে গিয়েছিলাম। দারুণ বলে আউট হলাম। বড় একটা ইনিংস খেলব দ্রুত।’

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *