ধর্মনগর ।। আসন্ন পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলার ধর্মনগর পুর পরিষদ এবং পানিসাগর নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তৎপর ত্রিপুরা নির্বাচন কমিশন।

আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণের দিন গণদেবতারা যাতে উৎসবের মেজাজে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখে উত্তর জেলা প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তর জেলা শাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী।বৈঠকে উত্তর জেলার প্রশাসনিক আধিকারিক, নির্বাচনী আধিকারিক, পুলিশ সেক্টর আধিকারিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনের প্রস্তুতি কতটা এগিয়েছে, ইতিমধ্যে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর পৌর পরিষদ এবং পানিসাগর নগর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয় এবং নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন দিক বৈঠকে পর্যালোচনা করা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রা, জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারসহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *