রাজস্থান, জয়পুর : কাজ থেকে বাড়ি ফিরছিলেন এক ক্যাফে মালিক। ফেরার পথেই তাঁর উপর চড়াও হয় ২ দুষ্কৃতী। আচমকাই হয় এই হামলা। ক্যাফে মালিকের উপর চলে ব্যাপক মারধর। রাস্তায় ফেলে তাঁকে মারতে থাকে দু’জন দুষ্কৃতী। বাইকে চড়ে এসেছিল ওই ২ জন। অভিযোগ, ক্যাফে মালিককে লোহার রড দিয়ে মারধর করেছে তারা। ক্যাফে থেকে বাড়ি ফেরার পথেই ঘটেছে এই ভয়ানক ঘটনা। স্বভাবতই আতঙ্কে রয়েছেন ওই ক্যাফে মালিক। কারা তাঁর উপর এভাবে হঠাৎ চড়াও হল, আক্রান্তের সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে।
পুলিশ সূত্রে খবর, ওভেন দ্য বেকারি – এই ক্যাফের মালিক ময়ঙ্ক গোপালিয়ার উপর আক্রমণ হয়েছে মাঝরাস্তায়। রাস্তার পাশে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে হামলার মুহূর্তের ছবি। সেখানে দেখা গিয়েছে, বাইকে করে আসা ওই ২ দুষ্কৃতী প্রথমে ময়ঙ্কের মাথায় মেরেছে। তারপর মারতে শুরু করে পায়ে এবং পিঠে। আচমকা ওভাবে বেধড়ক মার খাওয়ার ফলে জ্ঞান হারান ময়ঙ্ক। গত ৫ নভেম্বর রাতে ময়ঙ্ক যখন তাঁর ক্যাফে থেকে ফিরছিলেন, সেই সময়েই তাঁর উপর আক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই আক্রমণের জেরে বেশ গুরুতর চোট পান ময়ঙ্ক এবং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
ময়ঙ্কের ক্যাফের অন্যান্য কর্মীদের কথায়, শাবানা খান নামের একজন মহিলা কর্মী কাজ করেন ওই ক্যাফেতে। তাঁর স্বামী শাহরুখ এই হামলার পিছনে থাকতে পারেন। ক্যাফের মধ্যে ময়ঙ্কের সঙ্গে শাবানা ও শাহরুখের ঝামেলা হয়েছিল। এরপর ময়ঙ্ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ওই দম্পতি। তার থেকেই অনুমান করা হচ্ছে হয়তো এই হামলার পিছনে রয়েছেন ওই দু’জনই। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। কারা কী কারণে ময়ঙ্কের উপর এভাবে হামলা চালাল, জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি
