আগরতলা।। রাজ্যে আসন্ন পুরসভা ও নগর নিগম নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক সমীকরণ। বিশেষ করে বিরোধী শিবিরের দুই শক্তি সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে জোটের সম্ভাবনা, সমঝোতা এবং সাম্প্রতিক বক্তব্য-পাল্টা বক্তব্য ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।
আর এবার গোটা বিতর্কে মুখ খুলে একাধিক বিস্ফোরক দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।গত ৩০ অক্টোবর আগরতলায় ইন্ডিয়া ব্লকের কর্মসূচির পর রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছিল, আসন্ন পুর ও নিগম নির্বাচনে বিজেপিকে মোকাবিলায় যৌথভাবে লড়াইয়ের পথে হাঁটবে সিপিআইএম ও কংগ্রেস। কিন্তু বামফ্রন্টের প্রার্থী ঘোষণার পরই সেই সমীকরণে তৈরি হয় জটিলতা।
বিশেষ করে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয় নতুন রাজনৈতিক চাপানউতোর।এদিন সেই বিতর্কে মুখ খুলে জিতেন্দ্র চৌধুরীর দাবি, তাঁর এবং সুদীপ রায় বর্মনের অনুপস্থিতিতে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বাড়িতে দুই দলের নির্বাচনী কৌশল নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের এক শীর্ষ নেতা। তাহলে কি বিরোধী জোটের সমঝোতার ভিত তৈরি হয়েও শেষ পর্যন্ত ভাঙনের মুখে?
উঠছে সেই প্রশ্নও।সুদীপ রায় বর্মনের ‘অদৃশ্য শক্তি’ সংক্রান্ত বক্তব্যের জবাবে জিতেন্দ্রর স্পষ্ট দাবি, সিপিআইএমের মধ্যে এমন কোনও অদৃশ্য শক্তির অস্তিত্ব নেই। দল যে সিদ্ধান্ত গ্রহণ করে, দলের সর্বস্তরের কর্মীরা সেই সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে চলেন।অন্যদিকে, তিপ্রা মথা দলকেও একহাত নেন বাম রাজনীতির এই শীর্ষ নেতা। তাঁর অভিযোগ, জনজাতিদের অধিকার রক্ষার পরিবর্তে বিভিন্ন সময়ে সেই অধিকারকে ক্ষুণ্ণ করার পদক্ষেপ নিয়েছে মথা।
এমনকি গত বিধানসভা নির্বাচনেও পরিকল্পিতভাবে মানুষকে বিভ্রান্ত করে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মথার ভূমিকা ছিল বলে ইঙ্গিত করেন তিনি।পুরভোটের আগে বিরোধী শিবিরে সমঝোতা, মতবিরোধ নাকি রাজনৈতিক দূরত্ব—জিতেন্দ্র চৌধুরীর এদিনের বক্তব্যে সেই বিতর্ক আরও একবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
