শান্তিরবাজার: জরুরি স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের প্রশ্নের মুখে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও খামখেয়ালিপনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় এক দুর্ঘটনাগ্রস্ত যুবককে উন্নত চিকিৎসার জন্য রেফার করার পর প্রায় ৪০ মিনিট পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্স চালকের দেখা না মেলায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া আলুর গোডাউন সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন পূর্ণব নমঃ নামে এক যুবক। তাঁর বাড়ি জোলাইবাড়ির কাকলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। পেশায় তিনি একজন অটো মেকানিক। জানা যায়, বাইক নিয়ে বাড়ি ফেরার পথে অসতর্কতার কারণে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।অভিযোগ, রেফার করার পর প্রায় ৪০ মিনিট অতিবাহিত হলেও হাসপাতালে উপস্থিত ছিলেন না দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক গৌতম দেবনাথ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে হাসপাতালে পৌঁছান তিনি। তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে বাড়িতে যাওয়ার কারণে দেরি হয়েছে বলে জানান বলে অভিযোগ। এদিকে, জরুরি পরিষেবার দায়িত্বে থাকা অবস্থায় কীভাবে হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে গেলেন চালক, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন উপস্থিত লোকজন। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। অন্যদিকে, রাজ্য সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পরিষেবার এমন পরিস্থিতি স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সময়মতো সঠিক স্বাস্থ্য পরিষেবা পান, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান। এখন দেখার বিষয়, এই ঘটনায় সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকরা কী ভূমিকা গ্রহণ করেন এবং অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে জরুরি মুহূর্তে রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা কতটা সময়মতো নিশ্চিত করা যায়, সেটাই এখন বড় প্রশ্ন।
