আগরতলা।। কার্তিক মাসের পবিত্র আবহে ভক্তি, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। অন্নের মাহাত্ম্য, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং মানবতার চিরন্তন বার্তা নিয়ে সনাতন ধর্মীয় পরম্পরায় বিশেষ স্থান অধিকার করে রয়েছে অন্নকূট উৎসব।

ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করে পালিত এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে ভক্তির রঙে সেজে উঠল আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির।অন্নই জীবন, অন্নই পরমেশ্বরের আশীর্বাদ—এই চিরন্তন বিশ্বাসকে সামনে রেখেই প্রতিবছর পালিত হয় অন্নকূট উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলার স্মরণে নানা ধরনের অন্ন ও খাদ্যসামগ্রী ভগবানের চরণে নিবেদন করা হয় এই বিশেষ দিনে। শুধু ধর্মীয় আচার নয়, এই উৎসবের প্রতিটি পরতে জড়িয়ে রয়েছে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, অন্নের প্রতি শ্রদ্ধা এবং মানবকল্যাণের এক গভীর দর্শন।

সেই প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ও পরম্পরাকে বহন করে এবছরও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও সাড়ম্বরে আগরতলার জগন্নাথ মন্দিরে আয়োজন করা হয় পবিত্র অন্নকূট উৎসবের।উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অপূর্ব ভক্তিময় পরিবেশ। ভগবান জগন্নাথদেবের চরণে শ্রদ্ধা নিবেদন, পুজো-অর্চনা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হন অসংখ্য ভক্ত। ভক্তি আর নিষ্ঠায় মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।

আসলে অন্নকূট কেবল দেবতার উদ্দেশ্যে অন্ন নিবেদনের উৎসব নয়, এটি কৃতজ্ঞতার, সম্প্রীতির এবং মানবিকতার এক অনন্য বার্তা। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে, প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে চলে সনাতন সংস্কৃতির এই অমূল্য ঐতিহ্য। আগরতলার জগন্নাথ মন্দিরের এই আয়োজনেও যেন নতুন করে প্রতিফলিত হলো ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিকতার সেই চিরন্তন সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *