আগরতলা।। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়ে সরকারের দাবি আর বাস্তবের ছবির মধ্যে ফারাকটা ঠিক কতটা? সেই প্রশ্নই ফের সামনে এনে দিল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের এক চাঞ্চল্যকর ঘটনা!
বাবাকে দেখতে হাসপাতালে এসে বেসরকারি নিরাপত্তাকর্মীদের হাতে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন এক কলেজ ছাত্রী! অভিযোগ, সাহায্য চাওয়ার পরিবর্তে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে তাঁকে! তাহলে রোগীর পরিজনদের নিরাপত্তা ও সহযোগিতার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরাই যদি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ান, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?মুখে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের বড় বড় দাবি!
মন্ত্রী থেকে প্রশাসনের শীর্ষকর্তা, সকলের বক্তব্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস! কিন্তু বাস্তবের মাটিতে বারবার এমন কিছু ঘটনা সামনে আসছে, যা সরকারের সেই উন্নয়নের দাবিকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করাচ্ছে!এবার অভিযোগের কেন্দ্রবিন্দু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি!অভিযোগকারী কলেজ ছাত্রীর দাবি, তাঁর বাবা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু বাবা হাসপাতালের ঠিক কোথায় রয়েছেন, তা তিনি জানতে পারছিলেন না।
সেই কারণে মাকে সঙ্গে নেওয়া কিংবা নিরাপত্তাকর্মীদের কাছ থেকে সহযোগিতা চাওয়ার চেষ্টা করেন তিনি। আর তখনই নাকি ঘটে যায় ভয়াবহ ঘটনা!অভিযোগ, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে বেসরকারি নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এমনকি চুলের মুঠি ধরে শারীরিকভাবে মারধর করা হয় বলেও অভিযোগ ওই ছাত্রীর!শুধু তাই নয়, তাঁর সঙ্গে থাকা ভাইয়ের সঙ্গেও ব্যাপক দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি।
উপস্থিত সাধারণ মানুষ এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।উল্লেখ্য, জিবি হাসপাতালে বেসরকারি নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে অভিযোগ অবশ্য নতুন নয়। বারবার একই ধরনের অভিযোগ উঠলেও পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন!এখন সবচেয়ে বড় প্রশ্ন, চিকিৎসা নিতে এসে রোগীর পরিবার যদি নিরাপত্তাকর্মীদের হাতেই আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন, তাহলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে কারা রয়েছেন?
আজকের এই অভিযোগের পর স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ কি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনবে? নাকি অন্যান্য ঘটনার মতো এবারও নীরবতার আড়ালেই চাপা পড়ে যাবে গোটা বিষয়টি? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী!
