আগরতলা।। রাজধানী আগরতলার গুরুত্বপূর্ণ পোস্ট অফিস চৌমুহনী এলাকায় পানীয় জলের পাইপলাইন ফেটে চরম বিপত্তি! পাইপলাইন থেকে অবিরাম জল বেরিয়ে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাস্তার একাংশ। কোথাও কোথাও জমেছে হাঁটুজল।
ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা।একদিকে পানীয় জলের সংকটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে এভাবে হাজার হাজার লিটার পানীয় জল রাস্তায় গড়িয়ে নষ্ট হচ্ছে। অথচ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পাইপলাইন মেরামতের দৃশ্যমান উদ্যোগ নিয়ে উঠছে প্রশ্ন।স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হলেও সমস্যার সমাধানে তৎপরতা চোখে পড়ছে না সংশ্লিষ্ট দপ্তরের।
প্রশ্ন একটাই, রাজধানীর বুকেই পানীয় জলের অপচয় এবং জনদুর্ভোগ চলবে, আর নীরব দর্শকের ভূমিকা পালন করবে সংশ্লিষ্ট দপ্তর? কবে টনক নড়বে কর্তৃপক্ষের? দ্রুত পাইপলাইন মেরামতের দাবিতে সরব এলাকাবাসী ও পথচারীরা।
