বেঙ্গালুরু: একটা সময় বলা হতো, আইপিএলের চোকার্স দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। বারবার তারকাসমৃদ্ধ দল গড়েও ট্রফির দেখা পায়নি। এক, দুই, তিন, চার… বছরের পর বছর কেটে গিয়েছে। অপেক্ষার অবসান হয় অবশেষে ২০২৫ সালে। ১৮তম আইপিএলে। যে টুর্নামেন্টকে বলা হয়েছিল সাবালক হওয়ার আইপিএল। ১৮তম আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় আরসিবি। রজত পাতিদারের নেতৃত্বে বিরাট কোহলিদের হাতে ওঠে ট্রফি।
তবে স্বপ্ন সফরের এখানেই শেষ নয়। সমর্থকদের দীর্ঘদিনের হতাশা কাটিয়ে জোড়া ট্রফি জেতে আরসিবি। পরপর দুবার। ২০২৫ সালের পর ফের ২০২৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় আরসিবি। পরের আইপিএলে হ্যাটট্রিক করার সুযোগ আরসিবির সামনে। সেই টুর্নামেন্টের আগে কোন ক্রিকেটারদের ধরে রাখবে আরসিবি, ছেড়ে দেওয়া হবে কাদের?
ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে দশ দলকে জানিয়ে দিতে হবে, কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে তারা, আর ছেড়ে দেবে কাদের। রিটেনশন তালিকা প্রকাশের চূড়ান্ত দিন যত এগিয়ে আসছে, তত বাড়ছে জল্পনা। কোহলিদের আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হবে কোন ক্রিকেটারদের?
রজত পাতিদারের নেতৃত্বে জোড়া ট্রফি জিতেছে আরসিবি। তাঁকে তো রিটেন করাই হচ্ছে, বাড়িয়ে দেওয়া হতে পারে আর্থিক চুক্তির অঙ্ক। বিরাট কোহলিকে রিটেন করা নিয়ে কোনও প্রশ্নই উঠবে না। দলের প্রাণভোমরা কিংগ কোহলি। সঙ্গে রিটেন করা হতে পারে দেবদত্ত পাড়িক্কলকে। তাঁরও চুক্তির অঙ্ক বাড়িয়ে দেওয়া হতে পারে।
২ কোটি ৬০ লক্ষ টাকায় জেকব বেথেলকে কিনেছিল আরসিবি। তাঁকেও রিটেন করার সম্ভাবনা। ৭ কোটি টাকায় কেনা বেঙ্কটেশ আইয়ারকেও রিটেন করতে পারে আরসিবি। ৬ কোটি টাকা দিয়ে কেনা আনক্যাপড ভারতীয় রসিখ সালাম দারকেও রিটেন করা হতে পারে। ২ কোটি ৬০ লক্ষ টাকায় কেনা সূয়স শর্মাকেও রিটেন করা হতে পারে। সেই সঙ্গে রিটেন করা হতে পারে ক্রুণাল পাণ্ড্য, জিতেশ শর্মা, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিংহ, ভিকি ওস্তওয়াল, সাত্ত্বিক দেশওয়াল, কণিষ্ক চৌহান, বিহান মলহোত্র, জেকব ডাফিদের।
তবে প্রশ্ন রয়েছে রোমারিও শেফার্ডকে নিয়ে। ক্যারিবিয়ান তারকাকে দেড় কোটি টাকায় কেনা হয়েছিল। তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে রিটেন করা উচিত বলেও মত কারও কারও। মঙ্গেশ যাদব, যশ দয়াল, রিচার্ড গ্লিসন, অভিনন্দন সিংহদের ছেড়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
