সন্দীপ সরকার, কলকাতা: মাঝে আর মাত্র দিন পাঁচেক সময়। ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০। এলিট গ্রুপ ডি পর্বের ম্যাচগুলি হবে কলকাতায়। ইডেন গার্ডেন্স ও সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। কলকাতা পর্বের সবচেয়ে শক্তিশালী দল মুম্বই। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য দল ঘোষণা করে দিল মুম্বই। সেই দলের নেতৃত্বে সূর্যকুমার যাদব!

ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী (T20I World Cup) অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়ক করেই সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির দল ঘোষণা করে দিল মুম্বই। ২০২৬ সালের আইপিএলের পর থেকে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে নামবেন স্কাই। তাঁর নেতৃত্বে দেশের সেরা টি-২০ দল হওয়ারক লক্ষ্যে নামবে মুম্বই।

অধিনায়ক হিসাবে এ বছরই ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন সূর্যকুমার। কিন্তু খারাপ ফর্মের জন্য তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। তাঁর পরিবর্তে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। 

মুম্বইয়ের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সূর্যকুমার বলেছেন, “মুম্বইয়ের প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই ভীষণ গর্বের। অভিজ্ঞ প্লেয়ার ও দারুণ কয়েকজন তরুণ প্রতিভার অসাধারণ এক মিশ্রণ রয়েছে দলে। আমি আত্মবিশ্বাসী যে সকলে এককাট্টা হয়ে সংকল্পের সঙ্গে ক্রিকেট খেলবে আর প্রত্যেক ম্যাচে নিজেদের সেরাটা দেবে। আমাদের লক্ষ্যই হল সর্বস্ব দেওয়া আর ট্রফি জিতে ফেরা।”

পাশাপাশি মুম্বই দলের শক্তি বাড়িয়েছে দলে শিবম দুবে (Shivam Dube), কলকাতা নাইট রাইডার্সের তারকা অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi), সরফরাজ খান (Sarfaraz Khan), শার্দুল ঠাকুর (Shardul Thakur) তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)-দের অন্তর্ভুক্তি। রঞ্জি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেওয়া সিদ্ধেশ লাডকে টি-২০ দলে রাখা হয়নি ।

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য নির্বাচিত মুম্বই দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), দিব্যাংশ সাক্সেনা, সুবেদ পার্কার, মুশির খান, সরফরাজ খান, সাইরাজ পাটিল, শিবম দুবে, অথর্ব আঙ্কোলেকর, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, শামস মুলানি, ম্যাক্সওয়েল স্বামীনাথন, মোহিত অবস্থি, সিলভেস্টার ডি’সুজা ও হার্দিক তামোরে (উইকেটকিপার)

মুম্বই তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে। সকাল ৯টা থেকে হবে সেই ম্যাচ।

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *