সিলেট: ক্রিকেট মাঠে নতুন নজির তৈরি করলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে সিলেট টেস্টের শেষদিন এই মাইলফলক স্পর্শ করেন উইকেটকিপার ব্যাটার। লাঞ্চের পরই ক্যারিবিয়ান স্পিনার রস্টন চেজ়ের বলে একটি খুচরো রান নিয়ে ৯ স্কোরে পৌঁছল মুশফিকুর। তৈরি করেন নজির।
তবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করে তা অনুধাবন করতে পারেননি মুশফিকুর। তাঁর সতীর্থরা অভিবাদন জানাতে শুরু করলে তথন তিনি বুঝতে পারেন। ব্যাট তুলে অভিবাদন গ্রহণ করেন। ড্রেসিংরুমের সকলে তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি মুশফিকুর। আঙুলে চোট থাকায়। এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ৫ ও ৬ হাজার রানও করেছিলেন মুশফিকুর। ২০২২ সালে টেস্টে তিনি ৫০০০ রান পূর্ণ করেন। তার ২ বছর পর, ২০২৪ সালে ৬০০০ রান পূর্ণ করেন। তারও ২ বছর পর তিনি ৭ হাজার রান পূর্ণ করলেন। এই তালিকায় দুই ও তিন নম্বরে রয়েছেন মোমিনুল হক (৫২৯৩ রান) ও অবসর নেওয়া তামিম ইকবাল।
বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার নজিরও মুশফিকুর রহিমের। টেস্ট ক্রিকেটে ১৪টি সেঞ্চুরি রয়েছে মুশফিকুরের। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২১৯। একটা সময় সেটাই ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পরে সিলেটে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দেন তৌহিদ হৃদয় (Towhid Hridoy)। টেস্ট ক্রিকেটে মোমিনুলের ১৩টি ও তামিমের ১০টি সেঞ্চুরি রয়েছে।
মুশফিকুরের আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল ২০০৫ সালে। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার তিনি। ১০৭টি টেস্ট ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে একশো টেস্ট খেলার নজির গড়েছিলেন মুশফিকুর।
লোয়ার মিডল অর্ডার ব্যাটার ও উইকেটকিপার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মুশফিকুর। প্রথম ১ হাজার রান করার জন্য ২০টি টেস্ট খেলতে হয়েছিল তাঁকে। ধীরে ধীরে বাংলাদেশ দলের অপরিহার্য অঙ্গ হয়ে ওঠেন মুশফিকুর। ২০১১ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হন। ৬ হাজার থেকে ৭ হাজার রানে পৌঁছতে মাত্র ২৫টি ইনিংস নিয়েছিলেন তিনি।
ওয়ান ডে ক্রিকেটেও ৬৬৯৭ রান করেছেন মুশফিকুর। টি-২০ ক্রিকেটে ১৪৯৫ রান করেছেন তিনি। তবে সেই দুই ফর্ম্যাট থেকেই অবসর নিয়েছেন মুশফিকুর।
আরও পড়ুন: কালীপুজোর পরই ফের দুর্যোগ! ৮ জেলায় হলুদ সতর্কতা জারি, কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
