আগরতলা ।। অবশেষে মঙ্গলবার খুমুলুঙে শপথ গ্রহণ করলেন TTAADC-র নবনিযুক্ত সাতজন Executive Member। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো শপথগ্রহণ অনুষ্ঠান।
শপথ নিলেন কমল কলই, রাজেশ্বর দেববর্মা, কেনারাম রিয়াং, কংজয় মগ, দেবজিত ত্রিপুরা, হলিউড চাকমা এবং ডেভিড মুরাসিং। তবে এই শপথগ্রহণ শুধু নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ নয়, বরং আট মাসের প্রশাসনিক বিলম্বের পর জনজাতি এলাকার উন্নয়ন নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরির মুহূর্ত।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন স্পষ্ট করেন, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত তাঁর চূড়ান্ত।
তবে রাজনীতি ছাড়ার অর্থ ত্রিপুরা কিংবা জনজাতি সমাজকে ছেড়ে যাওয়া নয়। জনজাতিদের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা আগামীতেও অটুট থাকবে বলে জানান তিনি। পাশাপাশি ADC-র পক্ষ থেকে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক উন্নয়নের স্বার্থে একাধিক প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি।অন্যদিকে, প্রদ্যোৎ কিশোর দেববর্মনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার তাৎপর্যপূর্ণ বার্তা—রাজনীতিতে না থেকেও রাজনীতি করা যায়। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার সবসময় পাশে রয়েছে।
কাজ করতে গিয়ে ভুলত্রুটি হতে পারে, তবে সেগুলি সংশোধন করে আগামী দিনে উন্নয়নের গতি আরও বাড়ানোই সরকারের লক্ষ্য। TTAADC ত্রিপুরা রাজ্যেরই অঙ্গ, তাই বিভ্রান্তি না ছড়িয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জনজাতি সমাজকে ত্রিপুরার গর্ব এবং আগামী দিনের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।তবে শপথগ্রহণের আনন্দঘন আবহের মধ্যেও থেকে যাচ্ছে বড় প্রশ্ন। নির্বাচনের পর পূর্ণাঙ্গ Executive Committee গঠন করতে কেন আট মাস সময় লাগল? এই দীর্ঘ সময়ে ADC-র প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে যে ঘাটতি তৈরি হয়েছে, তার দায়ভার কে নেবে?
পাঁচ বছরের কার্যকালের মধ্যে আট মাস অতিক্রান্ত হওয়া নিঃসন্দেহে জনজাতি এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটি বড় সময়ের ক্ষতি।এখন আর প্রতিশ্রুতির মঞ্চে নয়, প্রত্যাশা বাস্তব কাজের ময়দানে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সড়ক যোগাযোগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা পরিবর্তন আনতে পারেন নবনিযুক্ত সাত Executive Member, সেদিকেই তাকিয়ে ADC-র সাধারণ মানুষ। খুমুলুঙের শপথগ্রহণে নতুন অধ্যায়ের সূচনা হলো ঠিকই, কিন্তু এই নতুন নেতৃত্বের প্রকৃত সাফল্যের বিচার হবে উন্নয়নের বাস্তব ফলাফলে।
