আগরতলা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অগ্নিসংযোগের অভিযোগ উঠল সিপিআইএম কার্যালয়ে। দীপাবলি উৎসবের রাতে দুষ্কৃতীদের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালী বাজারে অবস্থিত সিপিআইএমের মোহনপুর মহকুমা কার্যালয়। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা কালী বাজার এলাকা।
সোমবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন সাংসদ তথা সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ এবং বামুটিয়া অঞ্চল সম্পাদক পার্থ দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব।ঘটনাস্থল পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী এই অগ্নিসংযোগের ঘটনায় বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের একাংশের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলেন।
পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শাসকদল বিজেপির সমালোচনা করেন তিনি।তাঁর অভিযোগ, রাজ্যে রাজনৈতিক হিংসা ও বিরোধী দলের কার্যালয়ে হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।
দীপাবলির মতো উৎসবের রাতে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।এই ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, এখন সেটাই দেখার বিষয়।
