আল আমিরাত: ওমানে রমরমিয়ে চলছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (ACC Men’s U19 Asia Cup 2026)। সেই টুর্নামেন্টে ভারতীয় দল নেপালের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে শুরু করলেও, টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। তবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ফের একবার জয়ের জন্য নিজেদের বেশ ভাল সুযোগ দিয়েছে ভারত, আর এর নেপথ্যের কারিগরের নাম আর্যবীর সহবাগ (Aaryavir Sehwag)।
সহবাগ নামটা ভারতীয় তথা বিশ্বক্রিকেটে অত্যন্ত পরিচিত। বীরেন্দ্র সহবাগ ভারতের জার্সি গায়ে অতীতে বিশ্বক্রিকেট শাসন করেছেন। তিনি বিশ্বের নামী দামি বোলারদের ত্রাস ছিলেন। এবার আরও এক সহবাগ বিশ্বক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলছেন। তিনি আর্যবীর, বীরেন্দ্র সহবাগের পুত্র। বাবর মতোই আর্যবীর ওপেনিং করেন। আর আমিরশাহির বিরুদ্ধে ওপেন করতে নেমেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তিনি। হাঁকালেন অনবদ্য সেঞ্চুরি।
প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ৫২ বলে ৭০ রানের ইনিংস এসেছিল আর্যবীরের ব্যাট থেকে। পাকিস্তানের বিরুদ্ধেও শুরুটা পেয়েছিলেন, সেটাকে অবশ্য বড় রানে পরণিত করতে পারেননি তিনি। তবে আজ বেশ চ্যালেঞ্জিং এক পিচে যেখানে বল নীচু থাকছিল, ক্ষেত্রে বিশেষে সিম এবং স্পিন, দুইই হচ্ছিল, সেই পিচে প্রায় ১০০-র স্ট্রাইক রেট নিয়ে বিরাট সেঞ্চুরি হাঁকালেন আর্যবীর।
আরও পড়ুন:- সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
টস হেরে এদিন ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নামে। সেখানে শুরুতে পরিবেশ, পরিস্থিতি বুঝে চাপ সামলান আর্যবীর। খানিকটা দেখেশুনে নিজের ইনিংস সাজান তিনি। ৬৯ বলে আসে তাঁর হাফসেঞ্চুরি। প্রথম ঘণ্টা পার হলে পিচ খানিকটা ঠিক হলে আর্যবীর নিজের ইনিংসের গতি বাড়ান। স্পিনাররা বোলিংয়ে আসলে তিনি আরও আগ্রাসী হন। এগিয়ে এসে কভার ড্রাইভ মারা, স্যুইপ মারা, ফুল লেংথের বলে হালকা ধাক্কা ঠেলা দিয়ে রান চুরি করা শুরু করেন আর্যবীর। ১৩১ বলে শতরান পূরণ করেন আর্যবীর।
সেঞ্চুরির পর তো তাঁকে ঠেকানো কার্যত দায় হয়ে যায়। ৩৮তম ওভারে উদ্দিশ সুরির বিরুদ্ধে ২১ রান তোলেন আর্যবীর। তিনে নামা বিনীতও আর্যবীরের সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়েন। তিনি অর্ধশতরান হাঁকান। দুইজনে মিলে ১৯৩ রানের পার্টনারশিপ গড়েন। আর্যবীর ১৬৮ বলে ১৬০ রানের ইনিংস খেলে আউট হলে এই পার্টনারশিপ ভাঙে। এই পার্টনারশিপের সুবাদেই ভারত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৩০৯ রান তোলে। এবার দেখার এই রান জয়ের জন্য যথেষ্ট হয় কি না।
