মুম্বই: মার্চ মাসে তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। অথচ সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভারতের টি-২০ দলের মানচিত্রেই নেই! নেতৃত্ব তো গিয়েছেই, দলেও ঠাঁই নেই তাঁর।
এই অভিজ্ঞতা যে তাঁকে যন্ত্রণাবিদ্ধ করে, জানিয়ে দিলেন স্কাই। সেই সঙ্গে ক্রিকেটার হিসাবে নিজেকে পুনরায় ফিরে পেতে চান বলেও জানালেন সূর্যকুমার। মুম্বইয়ে মুম্বই ক্রিকেট সংস্থার এক অনুষ্ঠানে স্কাই বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপ জেতার পর থেকে কঠিন সময় কেটেছে। তবে আমি পরিস্থিতি থেকে পালাতে চাই না। নিজেকে নিয়ে সৎ না হলে জীবন আনন্দের হয় না। তাই সত্যি বলতে গেলে, টি-২০ বিশ্বকাপ জয়ের পর খুব কঠিন সময় গিয়েছে।’
অধিনায়ক হিসাবে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার পর দল থেকে বাদ গিয়েছেন সূর্য। গত আইপিএলও ভাল কাটেনি তাঁর। সূর্যকুমার বলেছেন, ‘আইপিএলের সময় মে মাসে আমার কন্যাসন্তান হয়। পুরোপুরি সে দিকেই মনোযোগ ছিল। ও জন্মানোর পরের কয়েকমাস সুন্দর কেটেছে। তবে আইপিএলের পর ২ মাস খুব কঠিন ছিল সময়। তারপরই আমি ভাবি, কেন আগে আমি কীরকম ছিলাম সেটার দিকে মনোনিবেশ করছি না? যেভাবে আমি নিজের ক্রিকেট সফর শুরু করেছিলাম, যখন আমার লক্ষ্য় ছিল মুম্বইয়ের জুনিয়র ক্রিকেট দলে সুযোগ পাওয়া এবং তারপর মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা।’
সূর্যকুমার জানিয়েছেন, স্ত্রী দেবিশার সঙ্গে এ নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। স্ত্রী তাঁকে উৎসাহও দিয়েছেন। ‘আমি বসে আমার স্ত্রীর সঙ্গে পুরো বিষয়টায় কথা বলি। ও একই কথা বলে। যে তোমাকে খেলার প্রতি পুরনো ভালবাসা আর আবেগ ফিরিয়ে আনতে হবে, ঠিক যেমন ছিল ১৫ বছর বয়সে, যে শুধু মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট খেলতে চাইত,’ বলেছেন সূর্যকুমার। যোগ করেছেন, ‘আমিও সেভাবেই ভাবছি এখন। ১০-১৫ বছর আগে যে মানসিকতা ছিল, সেইভাবেই এগোচ্ছি এখন। কঠোর পরিশ্রম করছি। খেলাটাকে নিয়ে সেই পুরনো ভালবাসা ও আবেগ দিয়ে ভাবছি। এখন সব কিছু স্বাভাবিক। খেলাটার ওপর মনোনিবেশ করলে দলের জন্য ভাল কিছু করা যা, পরিবারের জন্যও। সব কিছু বদলে যায়। সেটাই এখন করছি। আমার এখন লক্ষ্য হল মুম্বইয়ের হয়ে খেলা আর মুম্বইকে চ্যাম্পিয়ন করা।’
সূর্যকুমার জানিয়েছেন, শুধু আইপিএল খেলা লক্ষ্য করা উচিত নয়। বরং তরুণদের উচিত দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা। আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছে স্কাইকে। কলকাতায় খেলতে আসছেন তিনি।
