কলকাতা: সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে আয়োজিত হয় আইপিএল। এবার কি নতুন সময়ে হবে টুর্নামেন্ট? তীব্র গরমে ঘামতে ঘামতে নয়, বরং শীতের আমেজ গায়ে মেখে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখবেন ক্রিকেটপ্রেমীরা?

এমনই প্রস্তাব এসেছে। দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালকিন জুহি চাওলা। আর সেই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন আইপিএলের জনক বলা হয় যাঁকে, সেই ললিত মোদি।

সোমবার এক্স হ্যান্ডলে জুহি চাওলা লেখেন, ‘আইপিএলকে এখন আর ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা পেতে সমস্যায় পড়তে হবে না। ক্রিকেট ক্যালেন্ডার বদলে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে এই টুর্নামেন্ট। কেন তীব্র গরমে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট খেলা হবে? আর যদি ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে ভাবা হয়, তাহলে কেন এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারিতে আইপিএল করা হবে না? আরও ভাল আবহাওয়া মানেই আরও ভাল ক্রিকেট। সকলের জন্যই দারুণ অভিজ্ঞতা হবে। আইপিএলের বিবর্তন হয়েছে। ক্রিকেট ক্যালেন্ডারেরও হওয়া উচিত।’

জুহির পোস্ট ঘিরে হইচই শুরু হয়েছে। এর আগে ললিত মোদি আইপিএল সূচি বদলের কথা বলেছিলেন। আইপিএলের জনক বলা হয় ললিত মোদিকে। পরে অবশ্য আর্থিক দুর্নীতির দায়ে তিনি বহিষ্কৃত হন। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লিখেছেন, ‘আইপিএলের এখন আর আইসিসি-র সময় পাওয়ার জন্য অপেক্ষা করে থাকার কথা নয়। আইপিএল একটা ঘরোয়া টুর্নামেন্ট যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনা করে। ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে কখন এই টুর্নামেন্ট হবে। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেট আর ক্রিকেটারদের পাওয়া নিয়ে ভাবতে হবে। তবে তার মানে এই নয় যে ক্যালেন্ডারে জায়গা পেতে অনুমতির অপেক্ষা করতে হবে। আরও বড় ব্যাপার হল, বিশ্ব ক্রিকেটে জায়গা পেতে চাইছে, আইপিএল আর এরকম টুর্নামেন্ট নয়। বরং আইপিএল যে জায়গা অর্জন করেছে, বিশ্ব ক্রিকেটের উচিত তাকে স্বীকৃতি দেওয়া।’

কোভিডকাল ছাড়া মার্চ থেকে মে অথবা জুনের শুরু পর্যন্ত খেলা হয় আইপিএল। মোদির কথায়, বিদেশি ক্রিকেটারেরাও বুঝবেন যে, আইপিএল তাঁদের কাছে আর্থিকভাবে কতটা সুরক্ষার জায়গা। মোদি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারেরা সারা বছর যা উপার্জন করেন, তার বেশিরভাগটাই আইপিএল খেলে। আর্থিক দিকটাও ভাবতে হবে। আইপিএল ক্রিকেটে ঠিক সেটাই করেছে, ফুটবলে যা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ।’

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *