ড্রাইভিং লাইসেন্স (প্রতীকী ছবি)Image Credit: TV9 Bangla

নয়া দিল্লি: মদ্যপ চালকদের লাইসেন্স বাতিল করতে ফৌজদারি মামলার রায়ের অপেক্ষা নয়! স্পষ্ট জানাল কেরল হাইকোর্ট। অর্থাৎ কোনও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চালকের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করার জন্য কোনও ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার বা রায়ের জন্য অপেক্ষা করতে হবে না কর্তৃপক্ষকে।  কেরল আদালতের স্পষ্ট নির্দেশ, এই ধরনের অপরাধের ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটি স্বাধীনভাবে কঠোর পদক্ষেপ করতে পারে।

স্বতন্ত্র ক্ষমতার প্রয়োগ

 বিচারপতি কৌশর এডাপ্পাগাথ তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছেন যে, মোটর ভেহিক্যালস অ্যাক্টের (Motor Vehicles Act) ১৯(১) ধারা অনুযায়ী লাইসেন্সিং অথরিটি স্বাধীনভাবে ড্রাইভিং লাইসেন্স বাতিল বা অযোগ্য ঘোষণা করার ক্ষমতা প্রয়োগ করতে পারে। এর জন্য আদালতে চলা ফৌজদারি মামলার রায়ের অপেক্ষায় বসে থাকার কোনো প্রয়োজন নেই।

আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগ

 আদালত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, লাগাতার বেড়েই চলা মদ্যপ ড্রাইভিংয়ের প্রবণতার তুলনায় আইনটির প্রয়োগ অত্যন্ত সীমিত। এর ফলে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে আইনি প্রতিরোধমূলক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে।

পরিবহন কমিশনারকে নির্দেশ

 মোটর ভেহিক্যালস ডিপার্টমেন্ট (MVD)-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মদ্যপ চালকদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে রাজ্য পরিবহন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কোনও সড়ক দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে চালকের মদ্যপানের প্রমাণ মিললে কালবিলম্ব না করে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করতে হবে।

আদালতের প্রাসঙ্গিক প্রেক্ষাপট

 মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মেরে হত্যার অভিযোগে ধৃত এক ব্যক্তির জামিনের আবেদন শুনানির সময় এই পর্যবেক্ষণ দেয় আদালত। অভিযুক্তের অতীতের কোনও অপরাধের রেকর্ড না থাকায় তাঁকে জামিন দেওয়া হলেও, তাঁর ড্রাইভিং লাইসেন্স দ্রুত সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *