মুম্বই: বলিউড অভিনেতা রণবীর সিংয়ের পরিবারে নেমে এল শোকের ছায়া। দীপাবলির উৎসবের দিনই প্রয়াত হয়েছেন অভিনেতার দাদু ডঃ রাম হিঙ্গোরানি। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ৮ নভেম্বর, দীপাবলির দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের এই প্রবীণ সদস্যের প্রয়াণের খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে। রণবীরের পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেতার বোন সৌম্যা হিঙ্গোরানি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে প্রিয় দাদুকে স্মরণ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট 

ডঃ রাম হিঙ্গোরানির প্রয়াণের খবর জানিয়ে লিখেছেন, ৯৬ বছর বয়সেও তিনি ছিলেন প্রাণশক্তিতে ভরপুর। তাঁর জীবনকে শুধু শোকের মধ্যে দিয়ে স্মরণ করার পরিবর্তে উদযাপন করা উচিত। সৌম্যার কথায়, দীপাবলির দিনই শান্তিতেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাঁর দাদু। এমন এক শুভ সময়ে তিনি প্রয়াত হয়েছেন, যা পরিবারের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

৯৩ বছর বয়সেও নাচ, প্রাণশক্তিতে ভরপুর ছিলেন রণবীরের দাদু

রণবীর সিংয়ের সঙ্গে তাঁর দাদুের সম্পর্কও ছিল অত্যন্ত মিষ্টি। দাদুর সঙ্গে কাটানো নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে আগেও ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। ২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রচারের সময় রণবীর একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ৯৩ বছর বয়সেও ছবির জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-র তালে নাচছেন তাঁর দাদু।

শুধু তাই নয়, গায়ে ছিল ‘টিম রকি’ লেখা টি-শার্ট। মজার ছলে তাঁর আবদার ছিল, টিক্কি নয়, তাঁর জন্য যেন টেকিলা আনা হয়! দাদুর সেই প্রাণবন্ত স্বভাব দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরাও। সেই ভিডিও শেয়ার করে রণবীর লিখেছিলেন, তাঁর দাদু আসলে ‘রকস্টার’। ৯৩ বছর বয়সেও তাঁর এই উদ্যম ছিল দেখার মতো।

৯৪ বছর বয়সেও ভোট দিতে গিয়েছিলেন

শুধু নাচ বা মজার মুহূর্ত নয়, জীবনের শেষ বয়সেও দায়িত্ব পালনে পিছিয়ে ছিলেন না ডঃ রাম হিঙ্গোরানি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রচণ্ড গরম উপেক্ষা করেও ভোট দিতে গিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৯৪ বছর। দাদুর ভোট দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রণবীর জানিয়েছিলেন, বাইরে তাপমাত্রা বেশি থাকলেও নিজের নাগরিক দায়িত্ব পালন করতে পিছপা হননি তাঁর দাদু।

রণবীরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক পোস্ট নেই

ডঃ রাম হিঙ্গোরানির মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজের দাদুকে নিয়ে কোনও আনুষ্ঠানিক পোস্ট করেননি রণবীর সিং। তবে দাদুর সঙ্গে তাঁর পুরনো ছবি ও ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। পরিবারের এই প্রবীণ সদস্যের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *