কলকাতা: জনপ্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তীর (Smaranjit Chakraborty) গল্প এবার বড়পর্দায়। পরিচালক ধীমান বর্মণের নতুন ছবি তৈরি হচ্ছে, স্মরণজিৎ চক্রবর্তীর অত্যন্ত জনপ্রিয় উপন্যাস, ‘জোনাকিদের বাড়ি’-কে ভিত্তি করে। সমকালীন প্রজন্মের সম্পর্ক, স্বপ্ন ও জীবনের নানা টানাপোড়েনের গল্প উঠে আসবে ছবি জুড়ে। এর আগে সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট জনপ্রিয় কমিকস চরিত্র রাপ্পা রায়কে কেন্দ্র করে একটি ছবি তৈরি করেছিলেন, ধীমান বর্মণ। ফের একবার, বাংলা সাহিত্য নিয়ে কাজে হাত রাখছেন তিনি।
কোন পথে এগিয়ে যাবে সিনেমার গল্প?
বর্তমান প্রজন্মের মধ্যে স্মরণজিৎ চক্রবর্তীর লেখা বেশ জনপ্রিয়। সমকালীন সম্পর্ক থেকে শুরু করে নতুন প্রজন্মের বিভিন্ন মানসিক পরিস্থিতির কথা উঠে আসে তাঁর লেখায়। তাঁর গল্পের চরিত্র, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা বাস্তব চিত্র পাঠকের মনে সহজেই জায়গা করে নেয়। ‘জোনাকিদের বাড়ি’-ও তেমনই একটি উপন্যাস, যেখানে সম্পর্ক, আকাঙ্ক্ষা, কেরিয়ার, সামাজিক প্রত্যাশা এবং তরুণ প্রজন্মের জীবনের নানা দ্বন্দ্ব উঠে এসেছে। ইতিমধ্যেই ছবি প্রিপ্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। ছবির সঙ্গীত পরিচালনা করছেন তমালিকা গোল্ডার। সম্পাদনার দায়িত্ব সামলাচ্ছেন সুজয় দত্ত রায়। অন্যদিকে, ছবির পোস্টার ডিজাইনের দায়িত্বে রয়েছে একতা ক্রিয়েটিভ টেলস।
এবার পর্দায় ‘জোনাকিদের বাড়ি’, কী বলছেন লেখক এবং পরিচালক?
তাঁর ছবি নিয়েই সিনেমা, স্মরণজিৎ চক্রবর্তী বলছেন, ‘‘জোনাকিদের বাড়ি’ উপন্যাসটি আমি ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক উপন্যাস হিসেবে লিখেছিলাম। এটি বেশ বড় একটি উপন্যাস। অনেক ধরনের চরিত্র রয়েছে। আমি আশা করি সিনেমার পরিসরে নির্মাতারা তাঁদের নিজস্ব ভাবনায় গল্পটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। পরিচালক ধীমান বর্মণের পরিচালনায় দর্শক একটা দারুণ সিনেমা উপহার পাবে। এই কাজের সঙ্গে যুক্ত পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’ অন্যদিকে এই ছবি তৈরি নিয়ে পরিচালক বলছেন, ‘বিশিষ্ট ও জনপ্রিয় সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ‘জোনাকিদের বাড়ি’ উপন্যাসটি পড়া শেষ করার পরেও তার রেশ দীর্ঘদিন আমার মনে থেকে গিয়েছিল। তখনই মনে হয়েছিল, এই অসাধারণ গল্পটিকে পর্দায় তুলে ধরতে চাই। ঠিক যেমনটা বইতে রয়েছে, সেই স্বকীয়তা বজায় রেখেই প্রত্যেকটা চরিত্রকে পর্দায় তুলে ধরতে চাইব। প্রজন্মের পর প্রজন্মের একটা যোগসূত্র ধরে এগিয়ে যাবে এই সিনেমার গল্প।’
আরও পড়ুন: Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
