নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। শেষ চারের লড়াইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতের যুবরা। দলের ব্যাটিং ডিপার্টমেন্টই এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে শক্তিশালী বিভাগ। আবার আফগানদের বোলিং লাইন আপকে এই টুর্নামেন্টে বেশ বিপজ্জনক দেখাচ্ছে। ভারত তিন ম্যাচের মধ্য়ে দুটো ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে হার কিছুটা চিন্তা বাড়িয়েছে ভারতীয় দলের। তবে আর্যবীর সহবাগের ফর্ম আশার আলোও দেখাচ্ছে। বীরেন্দ্র সহবাগের ছেলে একেবারে যেন বাবার মতই ব্যাটিং করেন ২২ গজে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে আর্যবীরের ব্য়াটের দিকে তাকিয়ে থাকবে গোটা শিবির। ১২ নভেম্বর বৃহস্পতিবার সেমিফাইনালে ভারত ও আফগানিস্তান মুখোমুখি হবে একে অপরের।

টুর্নামেন্টের সেরা ব্যাটার হওয়ার দৌড়ে রয়েছেন আর্যবীর। ভারতের এই তরুণ ওপেনার এখনও পর্যন্ত তিনটি ম্য়াচে মোট ২৫২ রান ঝুলিতে পুরেছেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬৮ বলে দুর্দান্ত ১৬০ রানের ইনিংস খেলেছেন আর্যবীর। যে ইনিংস ভারতকে ৭ উইকেটে ৩০৯ রান তুলতে ও ৭০ রানের জয় সুনিশ্চিত করতে সাহায্য করেছিল।

 

বাবাকে কথা দিয়েছিলেন যে এই টুর্নামেন্টে একটি শতরান হাঁকাবেন সে। বাবার কথা রেখেছেন আর্যবীর। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। আফগানদের এমন এক বোলিং আক্রমণ রয়েছে যা ভারতের ধৈর্যের কঠিন পরীক্ষা নিতে পারে। আর সেই আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন পেসার নূর আলি। ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে প্রভাব ফেলেছেন। সঠিক লাইন, লেংথ বজায় রেখে আর্যবীর ও ভারতের ব্যাটিং বিভাগকে শুরু থেকেই সাঁড়াশি আক্রমণ করতে পারেন তিনি। তবে ব্যাটিং আগে করলে ভারতের উচিত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে বড় স্কোর বোর্ডে তোলা। আর্যবীর ছাড়াও আরও একজনের দিকে নজর থাকবে। রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে কোনও বড় ইনিংস খেলতে পারেননি অন্বয়। আফগানিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে অন্বয়ের একটি দায়িত্বশীল ইনিংস ভারতের ব্যাটিং লাইন-আপকে গভীরতা দিতে পারে। 

নেপালের বিরুদ্ধে ভারতের বোলিং পারফরম্য়ান্সও প্রশংসা কুড়িয়েছিল। ঈশান সুদ ৮ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। অন্য়দিকে বাঁহাতি স্পিনার মানাল চৌহান ৫ উইকেট নিয়েছেন। এই দু’জনের ওপরও নির্ভর করছে ভারতীয় যুব দলের বোলিং লাইন আপ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *