নয়াদিল্লি: শুরুটা হয়েছিল আট দল দিয়ে। তারপর আইপিএলের (Indian Premier League) দলসংখ্যা বেড়েছে, কমেছে। তবে বিগত পাঁচ বছর ধরে ১০ ফ্র্যাঞ্চাইজ়িকে নিয়েই আইপিএল আয়োজিত হচ্ছে। এবার দাবি করা হচ্ছিল সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। পাশাপাশি আইপিএলের উইন্ডো এগিয়ে আনারও দাবি করা হচ্ছিল। এইসব নিয়ে এবার বোর্ডের তরফে মুখ খোলা হল।
Mint-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই (BCCI) নাকি ২০২৮ সাল থেকে আইপিএলে অন্তত আরও দুই ফ্র্যাঞ্চাইজ়ি যুক্ত করার কথা ভাবছে। এই বিষয়ে আলাপ আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে চলছে এবং পুণে এবং বঢোদরা দুই নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি পেতে পারে বলে দাবি করা হচ্ছিল। এই ফ্র্যাঞ্চাইজ়ির সংখ্যা বাড়ানোর সালটি আইপিএলের নতুন মিডিয়া স্বত্ব বিক্রির সাইকেলের শুরুতেই হতে পারে বলেই সেই রিপোর্ট বলছিল। তবে এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।
দেবজিতের দাবি ১০ থেকে বাড়িয়ে আইপিএলের দলের সংখ্যা ১২ করার বিষয়ে মৌখিকভাবেও কোনও আলোচনা হয়নি। সম্পূর্ণ ভুয়ো খবর প্রচার করা হচ্ছে বলে জানিয়ে তিনি PTI-কে বলেন, ‘আমরা সরকারি বা মৌখিক, কোনওভাবেই ২০২৮ সাল থেকে ১২ দলের আইপিএল নিয়ে আলোচনা করিনি। বর্তমানে আমাদের কাজে এই সুযোগটা নেই। আমরা আপাতত ২০২৭ সালের আইপিএল নিয়ে ব্যস্ত, যেটা আবার আইপিএলের ২০তম সংস্করণও বটে। সেটা বেশ বড় বিষয়। আমরা আপাতত এই নিয়ে চিন্তাভাবনা করছি এবং তার পরের কোনওকিছু নিয়ে ভাবছি না।’
আরও পড়ুন:- আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে আয়োজিত হয় আইপিএল। তবে তীব্র গরমে ঘামতে ঘামতে কেন এই টুর্নামেন্ট আয়োজিত হবে? প্রশ্ন তুলে জানুয়ারিতে আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালকিন জুহি চাওলা। সোমবার এক্স হ্যান্ডলে জুহি লেখেন, ‘আইপিএলকে এখন আর ক্রিকেট ক্যালেন্ডারে জায়গা পেতে সমস্যায় পড়তে হবে না। ক্রিকেট ক্যালেন্ডার বদলে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে এই টুর্নামেন্ট। কেন তীব্র গরমে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট খেলা হবে? আর যদি ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে ভাবা হয়, তাহলে কেন এপ্রিল-মে মাসের পরিবর্তে জানুয়ারিতে আইপিএল করা হবে না? আরও ভাল আবহাওয়া মানেই আরও ভাল ক্রিকেট। সকলের জন্যই দারুণ অভিজ্ঞতা হবে। আইপিএলের বিবর্তন হয়েছে। ক্রিকেট ক্যালেন্ডারেরও হওয়া উচিত।’
এ বিষয়ে কোনও মন্তব্য করা থেকে এড়িয়ে যান দেবজিৎ। তিনি স্রেফ জানান, ‘আমরা ২০২৭ সালের আইপিএল আয়োজন ঘিরে ব্যস্ত যেটা মার্চ মাসে শুরু হবে। ব্যস এটুকুই বলব।’
