আবু ধাবি: ভারতের জার্সি (Indian Cricket Team) গায়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০-র গড়ে ২২১ রানও করেছেন। তবে জাতীয় দলে নাগাড়ে ব্রাত্য হওয়ায় অবশেষে চলতি বছরের জুনেই মাত্র ৩৩ বছর বয়সে তিনি অবসর ঘোষণা করেছিলেন। এবার সেই ভারতীয় প্রাক্তনীই ফের একবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছেন। নিজের নতুন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছাপ্রকাশও করেছেন তিনি। কে সেই ক্রিকেটার।
সেই ক্রিকেটারের নাম কেএস ভরত (KS Bharat)। ২০২৩ থেকে ২০২৪ সালে ভারতের হয়ে টেস্ট খেলেছেন এই কিপার-ব্যাটার। তবে অবসরের পর বর্তমানে তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাস করেন। দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির কাছেই তিনি থাকেন এবং সেই অ্যাকাডেমিতেই তিনি নিজের অনুশীলন সারেন। সেই আমিরশাহির হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
আরও পড়ুন:- ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
আপাতত তিনি আমিরশাহিতে দুবাই টি১০ ক্রিকেট খেলছেন এমিরেটস ইগলসের হয়ে। তবে তাঁর মধ্যে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্পৃহা অবশিষ্ট রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভরত বলেন, ‘দেশের জার্সিতে টেস্ট ক্রিকেট খেলাটাই সর্বসেরা অনুভূতি। এর ধারেকাছ আর কোনওকিছু আসে না। তবে দিনের শেষে খেলোয়াড়রা তো খেলতেই চায়। ঘরোয়া ক্রিকেটেও আমি দীর্ঘদিন ধরে ভাল পারফর্ম করেছি।’
এরপরেই আমিরশাহির হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করে তিনি আরও বলেন, ‘কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমার মধ্যে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার দক্ষতা রয়েছে। সেই কারণেই (অবসরের) এই কঠিন সিদ্ধান্তটা আমায় নিতে হয়েছিল। তাই সত্যি বলতে (আমিরশাহির হয়ে খেলাটা) পরিকল্পনা আমার রয়েছে। অবশ্য আমার কুলিং অফ পর্বটা সমাপ্ত করতে হবে। ফেব্রুয়ারি মাসে ওটা সমাপ্ত হবে। তারপরে হয়তো এই বিষয়ে আমি আপনাদের আরও বিস্তারিত জানাতে পারব।’
আবু ধাবি টি১০ ক্রিকেটে খেলাটা তাঁকে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করছে বলেও মনে করেন ভরত। এবার তিনি নতুন জার্সিতে নতুন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার অপেক্ষায়।
