নয়াদিল্লি: চলতি মাসের শেষেই আইপিএলের (IPL 2027) রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। তার আগে আপাতত খোলা আইপিএলের ট্রেড উইন্ডো। রমরমিয়ে চলছে দলবদল। ইতিমধ্যেই বেশ কয়েকজন হেভিওয়েট তারকা দলবদল করে ফেলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হবেন অক্ষর পটেলও (Axar Patel)? পাশাপাশি আশুতোষ শর্মারও দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার এই জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
এই বছরের আইপিএল মরশুমটা অক্ষরের জন্য ভাল কাটেনি। দিল্লি ক্যাপিটালস শুরটা ভাল করেও প্লে-অফে পৌঁছতে পারেনি। অক্ষর নিজেও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তিনি ১৪ ম্যাচে ১৭৩ রান করেছিলেন ১৯.৩২ গড়ে ও ১৩১.০৬ স্ট্রাইক রেটে। ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। এই হতাশাজনক মরশুম এবং ইতিমধ্যেই দিল্লি ট্রেডের মাধ্য়মে প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে দলে নেওয়ায় অক্ষরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। অপরদিকে, আশুতোষ আট ম্য়াচে ১৮১.৯১ স্ট্রাইক রেটে ১৭১ রান করেছিলেন। তাঁরও দলবদলের কানাঘুষো শোনা যাচ্ছিল।
অক্ষরের সিএসকেতে যোগ দেওয়ার জোর জল্পনা শুরু হয়েছিল। সেই নিয়ে এবার মুখ খুলল দিল্লি ক্যাপিটালস। India Today-কে এক সূত্র জানান, ‘দিল্লি ক্যাপিটালসের তরফে আর কোনওরকম ট্রেড হবে না।’
আরও পড়ুন:- ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
তবে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক দলবদল না করলেও, বুধবারই মুম্বই ইন্ডিয়ান্সের দল ছাড়া নিশ্চিত হয়ে গেল। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল হার্দিক পাণ্ড্যকে। পঞ্জাব কিংসের সঙ্গে চুক্তি সেরে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। ট্রেডিং মারফত হার্দিক পাণ্ড্য যোগ দিচ্ছেন প্রীতি জিন্টার দলে। হার্দিককে ছাড়ার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স পাচ্ছে অর্শদীপ সিংহকে (Arshdeep Singh)। যিনি পঞ্জাব কিংসে খেলতেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ভারতীয় বোলার তিনি।
কথাবার্তা চলছিলই। মঙ্গলবারই জানা যায় যে, চুক্তি সাক্ষর হয়ে গিয়েছে দুই দলের। আনুষ্ঠানিক ঘোষণা হল বুধবার সকালে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, অর্শদীপকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যর বিনিময়ে। ২০২৭ সালের আইপিএলে হার্দিক খেলবেন পঞ্জাব কিংসের হয়ে। আর অর্শদীপ খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে।
