জম্মু ও কাশ্মীর : কাশ্মীরের কিশতোয়ারে নিখোঁজ দুই স্পেশাল পুলিশ অফিসার বা SPO-এর গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার হল। রশপাল কুমার ও ববি চাঁদ নামে ওই দুই নিহত পুলিশ আধিকারিকের দেহে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। যদিও দেহের সঙ্গে তাঁদের ব্যবহৃত কোনও অস্ত্রের হদিশ মেলেনি। দু’জনেই স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস্ গ্রুপ বা SOG-এর সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল কাশ্মীরে জঙ্গি হামলার দিনই কিশতোয়ারের দুর্গম দাচ্ছন-মারওয়াহ এলাকা থেকে নিখোঁজ হয়ে যান ওই ২ স্পেশাল পুলিশ অফিসার। তাঁদের সন্ধানে তল্লাশি চালায় পুলিশ। 

জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় দাচ্ছন-মারওয়াহ এলাকায় গতকাল পেট্রোলিংয়ে ছিলেন এই দুই স্পেশ্যাল পুলিশ অফিসার। সেই সময়েই নিখোঁজ হন তাঁরা। জানা গিয়েছে, রশপাল কুমারের বয়স ৪০ বছর এবং ববি চাঁদের বয়স ৫৪ বছর। এই দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের মধ্যে একজনের মাথায় গুলি লেগেছে এবং অন্যজনের গুলি লেগেছে পিঠে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধেরনা চৌক এলাকায় কর্তব্যরত দুই সহকর্মীকে ডিউটি থেকে রিলিজ করতে যখন এই দুই স্পেশ্যাল পুলিশ অফিসার সেখানে যাচ্ছিলেন, সেই সময় আশপাশের এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা অতর্কিতে দুই পুলিশ আধিকারিকের উপর হামলা করে। জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে একত্রিত হয়েই ওই এলাকায় পেট্রোলিং চালাচ্ছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের এই দুই স্পেশ্যাল অফিসার। পুলিশ সূত্রে খবর, ওই দুই স্পেশ্যাল অফিসারের কাছে যে INSAS এবং .303 রাইফেল ছিল, সেগুলি পাওয়া যাচ্ছে না। অনুমান, দুই পুলিশ আধিকারিককে মেরে ফেলার পর তাঁদের অস্ত্র নিয়ে পালিয়েছে জঙ্গিরা। 

উপত্যকার পুলিশ জানিয়েছে, গতকাল অর্থাৎ ১১ নভেম্বর সোমবার দিনের বেলায় জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার দাচ্ছন-মারওয়াহ এলাকা থেকে গুলির শব্দ শোনা গিয়েছিল। ততক্ষণে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এই দুই স্পেশ্যাল অফিসার। তবে তাঁদের ফোন চালু ছিল। কিছুক্ষণ পর ফোন বন্ধ হয়ে যাওয়ায় সন্দেহ দেখা দেয়। দীর্ঘক্ষণ এই দুই স্পেশ্যাল পুলিশ অফিসার ফিরে না আসায় সন্দেহ বাড়তে থাকে। শুরু হয় তল্লাশি অভিযান। এরপর আজ সকালে দুই পুলিশ আধিকারিকের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার পিছনে কারা রয়েছে তাদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *