অবসরের পর কী হয় ট্রেনের?Image Credit: Pexels
নয়া দিল্লি: ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারেন রেল কর্মীরা। তারপরে তাদের অবসর নিতে হয়। কর্মীরা তো রিটায়ার করেন, কিন্তু ট্রেন কি কখনও অবসর নেয়? উত্তরটা হল, হ্যাঁ। মানুষের মতো ট্রেনের কোচ ও ইঞ্জিনও অবর নেয়। কত বছরে অবসর নেয় ট্রেন? অবসর নেওয়ার পরই বা কী হয়?
ট্রেনের কামরার আয়ু-
ভারতীয় রেলওয়েতে ট্রেনের কোচ ও ইঞ্জিনের আয়ু সীমিত হয়। সাধারণত পুরনো দিনের নীল রঙের আইসিএফ কোচের আয়ু হয় ২৫ বছর। লাল রঙের এলএইচবি কোচ, যা আধুনিক প্রযুক্তিতে তৈরি হয়, তার আয়ু হয় ৩০ থেকে ৩৫ বছর।
ইঞ্জিনের আয়ু কত?
ট্রেনের কামরার মতো ইঞ্জিনেরও নির্দিষ্ট আয়ু হয়। সাধারণত ডিজেল ও ইলেকট্রিক ট্রেন ইঞ্জিনগুলি ৩০ থেকে ৩৫ বছর চলে। এত বছর চলার পর সঙ্গে সঙ্গে কিন্তু ওই ইঞ্জিন বাতিল করে দেওয়া হয় না। টেকনিক্যাল এক্সপার্টরা ট্রেনের কামরা ও ইঞ্জিনের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন এবং তারপরে সিদ্ধান্ত নেন যে ওগুলি কী করা হবে।
অবসরের পর কী হয়?
যাত্রী বহন থেকে ছুটি পেলেও, যে কামরাগুলি শক্তপোক্ত থাকে, তাদের নতুন জীবন দেয় ভারতীয় রেলওয়ে। যে কামরাগুলি ভালো অবস্থায় রয়েছে, সেগুলির লাইট, পাখা, আসন খুলে নেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় জানালা। এই কামরাগুলিকে তখন মালগাড়ির কামরা বানিয়ে দেওয়া হয়। এরপরে এই কামরাগুলি আরও ৫ থেকে ১০ বছর চলে। মূলত গাড়ি, দুই চাকার বাইক-স্কুটার, ট্রাক্টর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কাজে লাগানো হয়। আবার কিছু ট্রেনকে অবসরের পর সেগুলি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন হিসাবে ব্যবহার করা হয়।
সম্প্রতি বিগত কয়েক বছরে একাধিক শহরে ট্রেনের পুরনো কামরাকে থিম রেস্তোরাঁয় পরিণত করা হয়েছে। ঐতিহাসিক গুরুত্ববাহী ইঞ্জিনগুলিকেও রেলওয়ে মিউজিয়ামে রাখা হচ্ছে।
যে কামরা ও ইঞ্জিনগুলি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আর সারাই করা সম্ভব নয়, তা পাঠিয়ে দেওয়া হয় স্পেশাল ওয়ার্কশপে। সেখানে চাকা, স্প্রিং ও অন্যান্য দামি পার্টসগুলি আলাদা করা হয়। এরপরে বাকি ধাতু, যেমন লোহা, স্টিল- তা স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দেওয়া হয়। এর মাধ্যমে কোটি কোটি টাকা আয় করে রেল।
