নয়াদিল্লি: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তিতে ভাগ জন্মায় নাতির? সম্পত্তি ভাগাভাগির একটি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পরিবারে জন্ম নেওয়ার দরুণ দাদুর সম্পত্তিতে আপনাআপনি নাতির অধিকার জন্মায় না বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। (Hindu Succession Act)

কেউ যদি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে কোনও সম্পত্তি পান, তাহলে কি আপনাআপনি ওই সম্পত্তির উপর নাতির অধিকার জন্মায়? ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনকে সামনে রেখে এই প্রশ্ন উঠে আসে আদালতে। কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, এমনটা দস্তুর নয়। (Hindu Inheritance Law)

গত সপ্তাহে বিষয়টি নিয়ে শুনানি চলছিল। সেই সময় আদালত জানিয়ে দেয়, উত্তরাধিকার সূত্রে যিনি বাবার কাছ থেকে সম্পত্তি পাচ্ছেন, তাঁর হাতেই সেই সম্পত্তির পূর্ণ মালিকানা থাকে। ইচ্ছে মতো সেই সম্পত্তি ব্যবহার করতে পারেন তিনি, হস্তান্তরও করতে পারেন। এমনকি চাইলে নিজের ছেলেকে সেই সম্পত্তির অধিকার থেকে বঞ্চিতও করতে পারেন তিনি।

আরও পড়ুন: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে

অর্থাৎ জন্মসূত্রে দাদুর সম্পত্তিতে অধিকার জন্মায় না নাতির। বিশেষ করে বাবা যদি বেঁচে থাকেন এবং তিনিই যদি উত্তরাধিকারী হন। তাহলে দাদুর সম্পত্তিতে কখন অধিকার জন্মায় নাতির?  বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্, বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চ জানিয়েছে, ১৯৫৬ সালের আইন কার্যকর হওয়ার আগে হিন্দু ব্যক্তিগত আইনে একজন ব্যক্তির জীবদ্দশায় তাঁর নাতির যে অধিকার ছিল, ১৯৫৬ সালে হিন্দু উত্তরাধিকার আইন প্রণয়নের সময়, সেই অধিকারটি আর বহাল থাকেনি।

আদালত জানিয়েছে, উত্তরাধিকারীরা যখন নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ করে নেন, সেই সময় তাঁদের প্রত্যেকেই নিজ নিজ অংশের একক মালিক বলে গণ্য হন। ফলে যৌথ মালিকানাধীন পারিবারিক সম্পত্তির কোনও অস্তিত্ব থাকে না আর। অর্থাৎ দাদুর কাছ থেকে পাওয়া সম্পত্তির মালিক হন বাবাই। তিনি চাইলে কাউকে সেই সম্পত্তি দিতে পারেন বা বিক্রি করতে পারেন। বাবা বেঁচে থাকাকালীন সেই সম্পত্তি বিক্রি বা সম্পত্তি ভাগের মামলা করতে পারবেন না নাতি।

এন রামকৃষ্ণন নামের এক ব্যক্তির সম্পত্তি নিয়ে শুনানি চলছিল আদালতে। ১৯৯৩ সালে সম্পত্তি বণ্টনের মামলা দায়ের করেন তাঁর মেয়ে। সেই মতো সম্পত্তি ভাগ করে দেওয়া হয় উত্তরাধিকারীদের মধ্যে।  ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে রামকৃষ্ণনের ছেলে এম কুমারন সমঝোতা দলিলের মাধ্যমে একটুকরো জমি পান। ১৯৯৭ সালের এপ্রিল মাসে সেই জমি বিক্রি করে দেন তিনি। পরবর্তীতে ওই জমিরা ক্রেতাদের বিরুদ্ধে মামলা করেন কুমারনের ছেলে রাজেশ। দাবি করেন, ওই জমি তাঁর পৈতৃক সম্পত্তি। জন্মসূত্রে যৌথ উত্তরাধিকারী হিসেবে ওই জমির উপর অধিকার অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

দেশের আইন বলছে, যৌথ উত্তরাধিকারী বলতে যৌথ পরিবারের সেই অংশকে বোঝায়, যারা যৌথ ভাবে পৈতৃক সম্পত্তির মালিকানা ভোগ করে এবং পরিবারের প্রত্যেক সদস্য জন্মসূত্রে তাতে অধিকার লাভ করে। চেন্নাইয়ের নিম্ন আদালত রাজেশের পক্ষে সম্পত্তির প্রাথমিক বন্টনের রায় দেয় গোড়ায়। কিন্তু আপিল আদালত জানায়, দাদুর সম্পত্তি ভাগ হওয়ার পর জমিটি রাজেশের বাবার একক মালিকানাধীন সম্পত্তিতে পরিণত হয়। মাদ্রাজ হাইকোর্ট আপিল আদালতের সেই সিদ্ধান্ত বহাল রাখে। সুপ্রিম কোর্টও সেই পথেই হাঁটল।

হিন্দু আইনে দায়ভাগ এবং মিতাক্ষরা নামের দু’টি প্রধান ধারা আছে। পশ্চিমবঙ্গ এবং অসম দায়ভাগ ধারা অনুসরণ করে, বাকি রাজ্যে মিতাক্ষরা ধারা প্রচলিত। দায়ভাগ আইন অনুযায়ী, জন্মসূত্রে পারিবারিক সম্পত্তির উপর অধিকার জন্মায় না নাতির। বাবার মৃত্যুর পর তাঁর অধিকার তৈরি হয়। জীবিত থাকাকালীন বাবা নিজের সম্পত্তি যেমন ইচ্ছে ব্যবহার, বিক্রি বা দান করতে পারেন। অন্য দিকে, মিতাক্ষরা আইন বলে, জন্মসূত্রে পৈতৃক যৌথ সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির। পিতা জীবিত, না মৃত, তা গুরুত্বপূর্ণ নয় এক্ষেত্রে। যৌথ হিন্দু পরিবারের সদস্য হিসেবে যৌথ উত্তরাধিকারী হয়ে ওঠেন নাতি। চাইলে নিজের অংশের দাবি জানাতে পারেন তিনি।

হিন্দু উত্তরাধিকার আইনের একটি তফসিলে কে বা কারা, কোন ক্রমানুসারে সম্পত্তির উত্তরাধিকারী হবেন, তারও উল্লেখ রয়েছে। ৮ নম্বর ধারা অনুযায়ী, কোনও হিন্দু পুরুষ যদি উইল তৈরি না করই মারা যান, সেক্ষেত্রে তাঁর সম্পত্তির সর্বপ্রথম উত্তরাধিকারী ছেলে, মেয়ে, বিধবা স্ত্রী এবং মা। ওই ব্যক্তির ছেলে জীবিত থাকলে, তিনি বাবার সম্পত্তির অধিকারী, নাতি নন। ছেলে মারা গিয়ে থাকলে, সেক্ষেত্রে নাতি উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হবেন। চেন্নাইয়ের মামলাটিতে আদালতের রায় সেদিকেই গিয়েছে। বলা হয়েছে বাবা জীবিত থাকলে নাতি দাদুর সম্পত্তির উপর উত্তরাধিকার দাবি করতে পারেন না।

হিন্দু উত্তরাধিকার আইনের ৬ নম্বর ধারায় (২০০৫ সালের সংশোধনের আগে) মিতাক্ষরা যৌথ সম্পত্তি কী ভাবে হস্তান্তরিত হবে, তার ব্যাখ্যা ছিল। বলা হয়েছিল, যৌথ উত্তরাধিকারীর মৃত্যু হলে তাঁর সম্পত্তির ভাগ অন্য কারও কাছে যায় না। বরং পরিবারের অন্য যৌথ উত্তরাধিকারীদের কাছে যায়। তবে ওই ব্যক্তির স্ত্রী বা কন্যা থাকলে, সম্পত্তি তাঁদের কাছে যাবে। ১৯ নং ধারায় বলা ছিল, উইল না করে মারা গেলে একাধিক উত্তরাধিকারীর মধ্যে সম্পত্তি ভাগ হলে প্রত্যেকের স্বতন্ত্র অংশ তৈরি হয়। স্বাধীন ভাবে সম্পত্তি ভোগ বা হস্তান্তর করতে পারেন তাঁরা।  তাই সুপ্রিম কোর্ট জানায়, রামকৃষ্ণনের মৃত্যুর পর ৮ নং ধারা অনুযায়ী তাঁর প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের হাতে সম্পত্তি যায়। নাতি প্রথম শ্রেণির উত্তরাধিকারীর তালিকায় পড়েন না। ফলে দাদুর সম্পত্তিতে তাঁর অধিকার কার্যকর নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *